Entertainment

52 minutes ago

Pujo OTT Releases: পুজোর আবহে অশনি সঙ্কেত! প্রেমে প্রত্যাখ্যান থেকে ভয়ঙ্কর পরিণতি, ওটিটিতে কী কী দেখবেন?

OTT Releases In Oct
OTT Releases In Oct

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অক্টোবরের প্রথম সপ্তাহান্তেই ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছে একগুচ্ছ নতুন ছবি ও সিরিজ়। কোথাও গ্রামবাংলার পটভূমিতে হাসি-মজার গল্প, কোথাও প্রেমের টানাপোড়েন, আবার কোথাও অপরাধ, রহস্য কিংবা সম্পর্কের জটিলতা। নতুন মাসের শুরুতেই দর্শকদের জন্য কোন কোন ছবি ও সিরিজ় আসছে, দেখে নিন সেই তালিকা।

১) দুপহিয়া (সিজ়ন ২): ফিরছে ধড়কপুরের চেনা বাসিন্দারা। সোনম নায়ার পরিচালনায় ‘দুপহিয়া’-র দ্বিতীয় সিজ়নেও থাকছেন গজরাজ রাও, রেণুকা শাহনে, স্পর্শ শ্রীবাস্তব, ভুবন অরোরা এবং দীনেশলাল যাদব-সহ আগের সিজ়নের একাধিক অভিনেতা। এ বার ধড়কপুরে নতুন অপরাধ, নতুন সমস্যা এবং তা ঘিরে একের পর এক মজার পরিস্থিতি তৈরি হবে। গ্রামটির বাসিন্দাদের সেই বিশৃঙ্খল জীবনযাপন নিয়েই এগোবে গল্প। ১ অক্টোবর থেকে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় দেখা যাবে এই সিরিজ়।

২) পূজা মেরি জান: প্রেমে প্রত্যাখ্যান থেকে কী ভাবে তৈরি হতে পারে ভয়ঙ্কর পরিস্থিতি? সেই প্রশ্নই উঠে আসবে এই ক্রাইম থ্রিলার ও কোর্টরুম ড্রামায়। ছবিতে অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, হুমা কুরৈশী, বিক্রম সিংহ চৌহান এবং বিজয় রাজ। পরিচালনায় নভজ্যোত গুলাটী। প্রেমে প্রত্যাখ্যান, প্রত্যাখ্যাত হওয়ার পরে গোপনে অনুসরণ এবং বিষাক্ত আসক্তি কী পরিণতি নিয়ে আসতে পারে সেটাই দেখা যাবে এই ছবিতে। যে কোনও সম্পর্কে সম্মতির মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবিটি। জ়ি ফাইভে এই ছবিটি দেখা যাবে ২ অক্টোবর থেকে।

৩) লভ: তামিল এই রোম্যান্টিক ওয়েব সিরিজ়ে মুখ্য চরিত্রে রয়েছেন অর্জুন দাস এবং ঐশ্বর্যা লক্ষ্মী। তাঁরা অভিনয় করেছেন ম্যাথিউ এবং তারার চরিত্রে। দু’জনেই ডেটিং অ্যাপের প্রতিষ্ঠাতা— ম্যাথিউর অ্যাপ ‘ফাউন্ড’ এবং তারার অ্যাপের নাম ‘ফাইন্ড মাই বে’। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা থেকেই তাঁদের মুখোমুখি সংঘাত। সেই সঙ্গে আধুনিক সম্পর্ক, প্রেম এবং সম্পর্কের ধারণা নিয়েও প্রশ্ন তুলবে এই সিরিজ়। ২ অক্টোবর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ়।

৪) ওহ মাই ডগ: একটি হারিয়ে যাওয়া কুকুর এবং নিখোঁজ এক তরুণ শ্রমিক— আপাতদৃষ্টিতে দু’টি আলাদা ঘটনা। কিন্তু দু’টি রহস্যই সমান্তরাল ভাবে এগোবে এই কমেডি-ড্রামায়। মোমো নামে পোষ্য কুকুরটির খোঁজে নামে এক শিশু। অন্য দিকে বিহারে নিখোঁজ হয়ে যায় এক তরুণ শ্রমিক। পঙ্কজ ত্রিপাঠী এবং পবন মলহোত্র অভিনীত ছবিতে এই দুই রহস্যের যোগসূত্রই হয়ে উঠবে গল্পের অন্যতম আকর্ষণ। নেটফ্লিক্সে ১ অক্টোবর থেকে দেখা যাবে এই ছবি।

৫) ইস্ট অফ ইডেন: জন স্টেইনবেকের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি সাত পর্বের এই সিরিজ়। গল্পের কেন্দ্রে রয়েছে ট্রাস্ক পরিবার। পরিবারের সদস্যদের সম্পর্ক, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা সংঘাত নিয়ে নানা প্রশ্ন উঠে আসবে সিরিজ়ে। ক্যাথি অ্যামেস এবং অ্যাডাম ট্রাস্কের সম্পর্ক এবং তাঁদের যমজ পুত্রদের মধ্যের তীব্র প্রতিদ্বন্দ্বিতাই গল্পকে এগিয়ে নিয়ে যাবে। নেটফ্লিক্সে ১ অক্টোবর থেকে চলবে এই সিরিজ়।

৬) দেবীপক্ষ: পুজোর আবহেই হইচইয়ে আসছে ‘দেবীপক্ষ’। রাজবাড়ির শতবর্ষের ঐতিহ্যের অন্তরালে পুজোর উৎসবেই ঘনিয়ে আসে এক অশনি সঙ্কেত। চুরি, রক্তপাত আর গুপ্ত রহস্যের আড়ালে উন্মোচিত হবে কার মুখোশ? সেই প্রশ্ন তৈরি হয় এই বাংলা সিরিজ়ে। অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, ঊষসী রায়, অনিন্দিতা রায়চৌধুরী, শ্রীমা ভট্টাচার্য, সুস্মিত মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী। 

You might also like!