Emraan Hashmi Accident: ‘আওয়ারাপন ২’-এর সাফল্যের পরই বিপত্তি! শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে ইমরান

Emraan Hashmi safe after major accident on Gunmaaster G9 set
Emraan Hashmi safe after major accident on Gunmaaster G9 set

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মাসখানেক আগেই ‘আওয়ারাপন ২’-এর হাত ধরে বক্স অফিসে শতকোটির গণ্ডি ছুঁয়ে কেরিয়ারে নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন ইমরান হাশমি। ২৩ বছরের অভিনয়জীবনে এই প্রথম এমন বড় সাফল্যের স্বাদ পেয়েছেন অভিনেতা। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন অ্যাকশন ছবির শুটিং শুরু করেছিলেন তিনি। কিন্তু শুটিং চলাকালীনই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন ইমরান। প্রিয় অভিনেতার দুর্ঘটনার খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। 

ঠিক কী ঘটেছে? ইমরান এইমুহূর্তে ‘গানমাস্টার জি৯’ নামে এক অ্যাকশন ছবির শুটিংয়ে ব্যস্ত। বলিউড মাধ্যম সূত্রে খবর, সেই সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং হচ্ছিল। আর সেখানেই শূন্যে এসইউভি গাড়ি উলটে গিয়ে নিচে পার্ক করা একটি কালো ভ্যানের ওপর আছড়ে পড়ে। সেসময়ে কাছেই দাঁড়িয়ে ছিলেন ইমরান হাশমি। খানিক উনিশ-বিশ হলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারতেন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেতা। আর শুটিং স্পট থেকে ক্যামেরার নেপথ্যের এহেন হাড়হিম করা দৃশ্য প্রকাশ্যে আসতেই ইমরানের জন্য উদ্বিগ্ন ঘনিষ্ঠমহল! 


ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কলাকুশলীরা সবে স্টান্টের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। সেসময়েই ক্রেনের সাহায্যে ঝুলিয়ে রাখা এসইউভি গাড়িটি ঘুরতে ঘুরতে উলটে যায় এবং নিচে দাঁড়িয়ে থাকা ভ্যানের উপর গিয়ে আছড়ে পড়ে। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, শুটিংয়ে ঠিক কী ঘটেছিল? কেনই বা এমন ঘটনা ঘটল? নাকি আগে থেকেই পরিকল্পিতভাবে এই ঘটনা শুটের অংশ ছিল? বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এহেন দুর্ঘটনা নিয়ে ‘গানমাস্টার জি৯’-এর নির্মাতাদের তরফেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। এমনকী কোথায় এই বিপজ্জনক স্টান্টের শুটিং চলছিল? সেই উত্তরও অধরা। অ্যাকশন ও রোম্যান্সের মিশেলে তৈরি গানমাস্টার জি৯’ ছবিটি ২০২৬ সালের ২৭ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা। যে সিনেমায় ইমরানের পাশাপাশিঅভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা এবং অভিষেক সিং। তার প্রাক্কালেই এহেন দুর্ঘটনা ঘটল। 

শেয়ার করুন:

You might also like!