Entertainment

42 minutes ago

Richa Chadha CJP :অনুমতি ছাড়া ছবি তুললেই বিপদ? আত্মরক্ষায় রিচার হাতিয়ার ঘিরে চর্চা, রইল ভিডিও

Richa Chadha CJP
Richa Chadha CJP

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শনিবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে কেন্দ্র করে চর্চায় উঠে আসে রাজধানী দিল্লি। এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপত্তি জানিয়ে এবং মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ডিডিইউ মার্গে জমায়েত হয়েছিলেন ছাত্র-যুবরা। বিক্ষোভের জেরে কয়েকজনকে আটক করা হলেও ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের মুক্তি দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই প্রতিবাদ ঘিরে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এবার সেই প্রসঙ্গেই সমাজমাধ্যমে আলোচনায় অভিনেত্রী রিচা চড্ডা। বিক্ষোভকারীদের মুখের আদল বদলে দেওয়ার কৌশল নিয়ে একটি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করেছেন তিনি। তাঁর এই ভিডিও ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।নিশ্চয়ই ভাবছেন, প্রতিবাদের মঞ্চে মেক আপ! মুখে রং লাগিয়ে বিক্ষোভের পরামর্শ দিচ্ছেন রিচা চড্ডা? সোশাল মিডিয়ায় মেক আপের টিউটোরিয়াল ভিডিও শেয়ার করে দাবি করেছেন, বিক্ষোভকারীদের তাঁদের সম্মতি ছাড়াই তাঁদের ক্যামেরাবন্দি করা হচ্ছে। তাই ‘আত্মরক্ষা’র অস্ত্র হিসেবে মুখে আঁকিবুকি করার টিপস রিচার। দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং বিক্ষোভকারীদের আটকের ঘটনার মাঝেই আন্দোলনে অংশগ্রহণকারীদের শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

এক্স হ্যান্ডলে শেয়ার করা ভিডিওতে অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় বিক্ষোভকারীরা, যেহেতু সম্মতি ছাড়াই আপনাদের ক্যামেরাবন্দি করা হচ্ছে, তাই নজরদারি ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরাকে এড়াতে মেকআপ ব্যবহার করে দেখতে পারেন। রইল একটি টিউটোরিয়াল।’ আরও যোগ রিচা লেখেন, ‘সাবধানে থাকুন, পর্যাপ্ত জল পান করুন, শক্ত থাকুন। মেয়েরা, সঙ্গে পেপার স্প্রে রাখুন। শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। চুপ করে থাকবেন না, তবে হিংসাত্মকও হয়ে উঠবেন না।’

শনিবার বিক্ষোভের আগে দিল্লির বাসিন্দাদের বিপুল সংখ্যায় আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন রিচা। শহরের কেন্দ্রীয়স্থলে যাতায়াতের উপর বিভিন্ন বিধিনিষেধের প্রসঙ্গ তুলে এক্স হ্যান্ডলে অভিনেত্রী লেখেন, ‘সীমান্তে এত বিধিনিষেধ, যাতায়াতের উপর একাধিক নিষেধাজ্ঞার অর্থ, বাইরের এলাকার মানুষ কেন্দ্রীয় অংশে আসতে পারবেন না। কিন্তু যাঁরা শহরে থাকেন তাঁদের বিপুল সংখ্যায় যোগ দেওয়া উচিত। সঙ্গে জল রাখুন। মাস্ক, টুপি, সানগ্লাস পরুন। মেকআপ টিউটোরিয়ালটি দেখতে ভুলবেন না।”

You might also like!