
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে সাফল্যের নজির গড়ার পর এবার আন্তর্জাতিক সংগীতের মঞ্চে নজর কাড়ার পথে রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (‘ধুরন্ধর ২’)। ছবিটির গান ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের একাধিক বিভাগে মনোনয়নের বিবেচনার জন্য জমা দেওয়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় চলচ্চিত্র ও সংগীতমহলে তৈরি হয়েছে নতুন করে উচ্ছ্বাস। টি-সিরিজ এবং বি৬২ স্টুডিওজের তরফে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে। বক্স অফিসের সাফল্যের পর আন্তর্জাতিক মঞ্চে ছবির সংগীত কতটা সাড়া ফেলতে পারে, এখন সেদিকেই নজর অনুরাগীদের।
সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেবের সুর করা এই অ্যালবামের মোট নয়টি গান গ্র্যামির আলাদা আলাদা বিভাগে জমা দেওয়া হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কোন গানগুলি এই দৌড়ে রয়েছে:
বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া: পুরো অ্যালবামটিই এই বিভাগে জমা পড়েছে।
বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া: অরিজিৎ সিংয়ের গাওয়া জনপ্রিয় গান ‘ফির সে’।
বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স: বম্বে রকার্স, খান সাব, জ্যাসমিন স্যান্ডলাস, রেবল, টোকেন এবং সুধীর যাদুবংশীদের কণ্ঠে ‘আরি আরি’ গানটি।
বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স: ‘জান সে গুজরাতে হ্যায়’ এবং ‘কানহাইয়া’ গান দুটি।

বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স: জ্যাসমিন স্যান্ডলাস ও সতিন্দর সরতাজের গাওয়া ‘যাইয়ে সাজনা’।
বেস্ট র্যাপ পারফরম্যান্স: ‘ডেস্টিনি – মন আটকিয়া’।
বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং: ‘ভারি জাভান’।
বেস্ট রিমিক্সড রেকর্ডিং: ‘হাম প্যায়ার করনে ওয়ালে’।
আগামী দিনে কী অপেক্ষা করছে? নির্মাতাদের পক্ষ থেকে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে মনে রাখতে হবে, বিভিন্ন বিভাগে গান জমা পড়ার অর্থ এই নয় যে চূড়ান্ত মনোনয়ন বা পুরস্কার নিশ্চিত হয়ে গেছে। আগামী ২০২৭ সালে বসতে চলেছে গ্র্যামির ৬৯তম আসর। এখন দেখার বিষয়, বিশ্বমঞ্চের এই কঠিন প্রতিযোগিতায় ভারতের এই ছবি শেষ পর্যন্ত কোনো বাজিমাত করতে পারে কি না।
