
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ছিল ‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। কলকাতার নজরুল মঞ্চে বৃষ্টি উপেক্ষা করেই হাজির হয়েছিলেন দেব ও শুভশ্রীর অনুরাগীরা। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা ছবির ট্রেলার ঘিরে উন্মাদনা তুঙ্গে। ইউটিউবেও ট্রেন্ড করছে ‘দেশু ৭’-এর ট্রেলার। তবে শুধু ছবির ঝলক নয়, ট্রেলার লঞ্চের মঞ্চে দেব-শুভশ্রীর রসায়নও নজর কেড়েছে দর্শকদের। অনুষ্ঠানে দেবকে সরাসরি একটি প্রশ্ন করেন শুভশ্রী। অভিনেত্রীর কথায়, “তুমি আমায় জিজ্ঞাসা করো, আমি যখন ফোন করেছিলাম, দু’মিনিটের মধ্যে ‘হ্যাঁ’ কেন বলেছিলে এই ছবিটাকে। এবার আমি তোমার কাছে জানতে চাই, যখন বিপদে পড়েছিলেন, তখন আমার নামটাই কেন মাথায় এসেছিল?” শুভশ্রীর এই প্রশ্নের উত্তরে দেবের সোজাসাপটা জবাব, এর পিছনে রয়েছে নিয়তি। আর তাঁদের এই কথোপকথন ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে।
প্রথমেই দেব শুভশ্রীকে সাবধান করে দিয়ে বলেন, ‘আবার আমি আমার মতো করে বলব। আবার কীভাবে ল্যান্ড হবে আমি জানি না’! এরপর দেবকে বলতে শোনা যায়, ‘আমাকে ছবি করতে দেওয়া হবে না বলেছিল পুজোতে। রিলিজ করতে দেওয়া হবে না পুজোতে। সেই দিন থেকে, আজ আমাদের পুজোর ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টে আছি। কেমন যেন সময় পালটে যায়, যে লড়াই তখন মনে হয়েছিলকত কঠিন, আজ এতগুলো মাস পেরনোর পর মনে হচ্ছে কেনই বা শুধু শুধু এত লড়াই করলাম। যোগ্য ছিলাম কি অযোগ্য সেটা পরের কথা। আমার কেমন যেন মনে হয়, সবকিছুর একটা নিয়তি আছে। হয়তো এই মঞ্চে আবার আমাদের দেখা যাবে ধূমকেতুর পর সেই জন্য হয়তো অনির্বাণ ব্যান হয়েছিল, পুজোতে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে আমি ছবি না করতে পারি। সেই কারণেই ওকে ফোন করা। আর সব যদি উলটোভাবে ভাবি আবার এই মঞ্চ হয়তো আমাদের দেখতে চাইছিল। তোমাদের সাক্ষী রাখতে চাইছিল। এবং দেশু সেভেনের মতো একটা ছবি যেখানে আমি পরিচালক হিসেবে আসতে পারলাম। লোকে ডেস্টিনিতে বিশ্বাস করে। কিছু একটা তো থাকেই।’

নিজের লড়াই নিয়েও কথা বলেন দেব। তাঁকে বলতে শোনা যায়, ‘এমন নয় জীবনে অনেক কিছু অনেক সহজে পেয়েছি। যখন আমার চাঁদের পাহাড় ব্লকবাস্টার, ভাবলাম এবার সব দারুণ হবে, দেখলাম আমি এমপি হয়ে গিয়েছি। লোক বলতে শুরু করল আমার ছবি ফ্লপ হবে। তাই হল, ব্যাক টু ব্যাক ছবি প্লপ হওয়া শুরু করল। আমি রিমেক বন্ধ করলাম, নিজের প্রোডাকশন হাউজ খুললাম, সেখানেও ছবি ব্যাক টু ব্যাক ফ্লপ। ভাবতাম দাঁড়াতে তো হবে। আমি অভিনেতা প্রথমে, সে অভিনয় পারি বা না পারি। কিন্তু প্যাশন ভালোবাসা সবই তো অভিনয়ের মধ্যে। আবার রিভাইভ করলাম। আবার ২০২৫-এ এসে আমাকে ছবি করতে দেওয়া হবে না বলা হল। কারা? যারা আমার বন্ধুবান্ধব, যাদের সঙ্গে উঠি বসি।’
এরপর শুভশ্রীকে উদ্দেশ্য করে দেব বলেন, ‘আমি জানি না তুমি কোন ভাগ্য লিখে নিয়ে এসেছ, বা আমি কোন ভাগ্য লিখে নিয়ে এসেছি। তখন মনে হয়েছিল এই লড়াইতে যদি জিততে হয়, তোমাকে দরকার। এই মানুষগুলোর (দর্শকদের দেখিয়ে) স্বপ্ন যদি সত্যি করতে হয়। এদেরকে বোঝাতে হয় না আমি পরিশ্রম করি। যে আমি চেষ্টা করি। শুধু আমার জন্য নয়, চেষ্টা করি বাংলা ছবিও যাতে আমার সঙ্গে এগিয়ে যাক।’
