
মুম্বই , ৭ অক্টোবর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) বুধবার দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ৫ অক্টোবর থেকে চলা তিন দিনের মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠক শেষ হওয়ার পর সকাল ১০টায় সিদ্ধান্ত ঘোষণা করবেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা।
মূলত মূল্যবৃদ্ধির চাপ এবং পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে জ্বালানির দামের অনিশ্চয়তার মধ্যে এবার সুদের হার নিয়ে আরবিআই কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে। আগস্টের বৈঠকে রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রেখেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেই সঙ্গে মুদ্রানীতির অবস্থানও নিরপেক্ষ রাখা হয়। মূল্যবৃদ্ধির গতিপ্রকৃতি এবং অর্থনীতির বৃদ্ধি ও মূল্যবৃদ্ধির পারস্পরিক পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্টতার প্রয়োজনের কথা জানিয়েছিল এমপিসি। এবার রেপো রেট ০.২৫ শতাংশ বাড়ানো হতে পারে বলে মত দিয়েছেন বেশ কয়েকজন অর্থনীতিবিদ। এমনটা হলে রেপো রেট ৫.২৫ শতাংশ থেকে বেড়ে ৫.৫০ শতাংশ হবে।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শেষবার রেপো রেট বাড়িয়েছিল আরবিআই। তখন ০.২৫ শতাংশ বাড়িয়ে তা ৬.৫০ শতাংশ করা হয়েছিল। এরপর ২০২৫ সালে একাধিক দফায় মোট ১.২৫ শতাংশ রেপো রেট কমানো হয়। ফলে তা ৫.২৫ শতাংশে নেমে আসে।
মুদ্রানীতির সিদ্ধান্তে মূল্যবৃদ্ধিও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, খুচরো মূল্যবৃদ্ধি ৪ শতাংশের মধ্যে রাখার দায়িত্ব রয়েছে আরবিআইয়ের, যার দুই শতাংশ পর্যন্ত ওঠানামার অনুমতি রয়েছে। আগস্টে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৪.৮২ শতাংশ হয়েছিল, যা জুলাইয়ের ৪.৪৫ শতাংশের তুলনায় বেশি।
রেপো রেট বাড়ানো হলে তার প্রভাব ব্যাঙ্কগুলির ঋণের সুদের হারে পড়তে পারে। এর ফলে গৃহঋণ, গাড়ির ঋণ-সহ বিভিন্ন ধরনের ঋণের খরচ বাড়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি ব্যাঙ্কের স্থায়ী আমানতের সুদের হারেও পরিবর্তন আসতে পারে।
