
জয়সলমির, ৪ অক্টোবর : বিলুপ্তপ্রায় প্রজাতির ‘গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড’ সংরক্ষণে বড়সড় সাফল্য পেল দেশ। রাজস্থানের জয়সলমিরের ডেজার্ট ন্যাশনাল পার্ক বা জাতীয় মরু উদ্যানের ‘স্যাম’ এলাকায় রবিবার সকালে দু'টি পুরুষ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডকে প্রকৃতিতে মুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার) একটি পোস্টের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের কথা জানান কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দর যাদব।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, রাজস্থানের মরুভূমিতে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের অস্তিত্ব পুনরুদ্ধার ও তাদের ফিরিয়ে আনতে প্রায় এক দশক ধরে নিরলস পরিশ্রম করেছেন দেশের বিজ্ঞানী, গবেষক এবং মাঠপর্যায়ের কর্মীরা। তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠা ও আত্মত্যাগের ফলেই এই যুগান্তকারী সাফল্য অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি, এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভূপেন্দর যাদব লেখেন, "গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড-সহ দেশের সমস্ত বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের বৈজ্ঞানিক মহলকে নিরবচ্ছিন্ন দিকনির্দেশনা, উৎসাহ এবং সার্বিক সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই।"
