
হায়দরাবাদ, ৪ অক্টোবর : তেলেঙ্গানার মেডচল-মালকাজগিরি জেলায় মেডচল চেকপোস্ট সংলগ্ন একটি আসবাবপত্রের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার ভোররাতে এই আগুন লাগে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
দমকল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে মেডচল-মালকাজগিরি জেলার অন্তর্গত চেকপোস্ট সংলগ্ন ওই ফার্নিচারের গুদামটিতে হঠাৎই আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে আগুন বড় আকার নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মেডচল-মালকাজগিরি জেলা দমকল আধিকারিকদের সূত্রে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে ঠিক কী কারণে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতখানি, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। বড় ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে!
