
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বছরে মাত্র ৩০ দিন কাজ করলেই মিলবে পুজোর বোনাস। সরকারি হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এমনই সিদ্ধান্তের কথা জানাল স্বাস্থ্যদপ্তর। নির্দেশিকা অনুযায়ী, বছরে অন্তত এক মাস কাজ করলেই চুক্তিভিত্তিক কর্মীরা পুজোর বোনাস পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন। স্বাস্থ্যদপ্তরের নির্দেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মীদের আর্থিক বছরে মোট মাইনে বা মজুরির ৮.৩৩ শতাংশ হারে বোনাস দেওয়া হবে। পুজোর আগে এই ঘোষণায় সরকারি হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
নিরাপত্তা, সাফাই, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাউসকিপিংয়ের কাজে নিযুক্ত হাজারখানেক চুক্তিভিত্তিক কর্মীদের বোনাস মিলবে। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, বছরের বেতন বা মজুরির ৮.৩৩ শতাংশ হারে এই বোনাস দেওয়া হবে। দুর্গাপুজো-ইদের আগে এই বোনাস পাবেন চুক্তিভিত্তিক কর্মীরা। ৩১ মার্চে শেষ হওয়া হিসাব আর্থিক বছরে অন্তত ৩০ দিন কাজ করেছেন- এমন সমস্ত চুক্তিভিত্তিক কর্মী বোনাস পাওয়ার যোগ্য।
নির্দেশিকা অনুযায়ী প্রাথমিকভাবে সরাসরি হাসপাতাল নয়, যে এজেন্সি তাঁদের নিয়োগ করেছে, সেই এজেন্সিকেই প্রথমে বোনাসের টাকা দিতে হবে। পরে কর্মীদের বোনাস দেওয়ার প্রমাণপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে। এজেন্সিকে সেই টাকা পরিশোধ করবে হাসপাতাল। হাসপাতালের যে খাত থেকে কর্মীদের মাসিক পারিশ্রমিক দেওয়া হয়, সেই একই খাত থেকে মেটাতে হবে বোনাসের অর্থ। শুধু চলতি বছরের বোনাস নয়, বিগত বছরগুলিতেও কোনও চুক্তিভিত্তিক কর্মীর বকেয়া বোনাস প্রাপ্য থাকলে সেটিও মিটিয়ে দিতে হবে বলে নির্দেশে উল্লেখ করেছে স্বাস্থ্যদপ্তর।
