West Bengal

1 hour ago

Suvendu Adhikari: আইসিডিএসে একগুচ্ছ পরিবর্তন, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি থেকে ফ্রি বিদ্যুৎ

Bengal chief minister Suvendu Adhikari
Bengal chief minister Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পালাবদলের পর অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এবার সোমবার পানিহাটির ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠানে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে আরও উন্নত ও আধুনিক করে তোলার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে জানালেন, রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তাঁর কথায়, অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতেই দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে।

বর্তমানে বাংলায় রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে পানিহাটিতে ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠান যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানেই অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, “আগষ্টেই কর্মীদের বেতন ৫০০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।  দিদিদের আয়ুষ্মান ভারতে যুক্ত করা হয়েছে। এর আওতায় দেশের ৩৮ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা খরচে মিলবে চিকিৎসা।” 

শিশুদের স্বার্থে খাবারের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলেও এদিন ফের জানান মুখ্যমন্ত্রী। বলেন, “শিশুদের খাবারের বরাদ্দ ২ টাকা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। প্রসূতিদের ১২ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৪ টাকা। এই মুহূর্তে ১৯ হাজার অঙ্গনওয়াড়ি চলছে ভাড়া করা বাড়িতে। আগামীতে সেগুলো সরকারের নিজস্ব ঠিকানায় হবে। তার জন্য অর্থ বরাদ্দও করা হয়েছে।” এখানেই শেষ নয়, আইসিডিএস কেন্দ্রে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। এদিন অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূয়সী প্রশংসা করেন নীতীন নবীন। তিনি বলেন,  “ওরা বাচ্চাদের প্রথম গুরু, ওদের হাতেই দেশের ভবিষ্যৎ।”

You might also like!