
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বছরের অন্য সময়ে শাড়ি পরার অভ্যাস না থাকলেও দুর্গাপুজোর ক’টা দিনে শাড়িতে সাজতে পছন্দ করেন অনেকেই। তবে পুজোয় নজর কাড়তে যে দামি ডিজাইনার শাড়িই পরতে হবে, এমনটা নয়। আলমারিতে যত্ন করে তুলে রাখা সাধারণ একরঙা শাড়িকেও সঠিকভাবে স্টাইল করলে হয়ে উঠতে পারেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। আলিয়া ভট্ট থেকে জাহ্নবী কপূর—বলিউডের ফ্যাশনিস্তারা বারবার দেখিয়েছেন, অনাড়ম্বর শাড়িতেও কীভাবে ফুটিয়ে তোলা যায় জমকালো সাজ। অষ্টমীর অঞ্জলি হোক কিংবা দশমীর সিঁদুর খেলা, একরঙা শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, গয়না ও সাজের কৌশলেই বদলে যেতে পারে আপনার সম্পূর্ণ লুক। পুজোয় তারকাদের মতো স্টাইলিশ হয়ে উঠতে রইল ৫টি সহজ টিপস।
১. ব্লাউজ়েই বাজিমাত: একরঙা শাড়ির সঙ্গে একটা কায়দার ব্লাউজ় পরে নিলেই হল। তারকারা সবসময়ে সাধারণ শাড়ির সঙ্গে স্টেটমেন্ট ব্লাউজ় পরেন। পুজোর সময়ে বেছে নিতেই পারেন ডিপ-ব্যাক, হাই-নেক, সিকুইন বা হাতা-ভর্তি কাজ করা ব্লাউজ়। একটা জমকালো ব্লাউজ পুরো সাজটাই বদলে দিতে পারে।
২. বেল্টের জাদু: শাড়ির সঙ্গে পরে নিতে পারেন একটি বেল্ট, এতেই বদলে যেতে পারে লুক। শাড়ির সঙ্গে সরু মেটালিক বেল্ট পরলে দেখতে বেশ লাগে। এই ছোট একটি কায়দায় সাবেকি সাজেও আসবে একটা মডার্ন টুইস্ট।
৩. ট্রাউজ়ারের সঙ্গে শাড়ি: শাড়ি সামলাতে অসুবিধা হয়? তারকাদের মতো পেনসিল প্যান্ট বা জিন্সের সঙ্গে শাড়ি ড্রেপ করুন। পুজোয় ঠাকুর দেখার জন্য এই লুকটি শুধু কায়দার নয়, স্বাচ্ছন্দ্যেরও বটে।
৪. ভিন্ন কায়দায় শাড়ি পরুন: একেবারে সাদামাঠা কায়দায় শাড়ি না পরে ড্রেপিং স্টাইলে বদল আনুন। অনলাইনে চোখ রাখলেই বিভিন্ন কায়দার ড্রেপিং স্টাইল নজরে আসবে। বেছে নিতে পারেন সে রকমই কিছু।
৫. গয়না বাছাই: গয়নার ক্ষেত্রে মেনে চলুন ‘লেস ইজ মোর’ পদ্ধতি। একরঙা শাড়ির সঙ্গে একটি ভারী ঝুমকো বা একটি বড় নেকপিস, ব্যস। বেশি গয়না পরলেই কিন্তু বিগড়ে যেতে পারে গোটা সাজ।
