Agnimitra Paul: জোড়া এনকাউন্টার নিয়ে কী বললেন অগ্নিমিত্রা? মন্ত্রীর পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে চর্চা

Agnimitra Paul
Agnimitra Paul

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   একই দিনে বাংলায় জোড়া এনকাউন্টার ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত এক ব্যক্তি পুলিশের এনকাউন্টারে মারা যায়। ওই দিনই মুর্শিদাবাদের ধুলিয়ানে বিজেপি নেতা খুনের ঘটনায় অভিযুক্ত আর এক ব্যক্তিরও এনকাউন্টারে মৃত্যু হয়। পরপর এই দুই ঘটনাকে ঘিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, কেউ আইন নিজের হাতে তুলে নিলে পুলিশ আর নীরব দর্শক হয়ে থাকবে না। অন্যদিকে, বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার এনকাউন্টার প্রসঙ্গে নিজের বক্তব্য কবিতার ছন্দে তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলের বিধায়ক সামাজিক মাধ্যমে সেই কবিতা পোস্ট করেছেন।   

অগ্নিমিত্রা লিখেছেন, “অপরাধ থামুক, মানুষ বাঁচুক, ভয়ের অন্ধকার দূরে যাক। যে হাতে মানুষের নিরাপত্তার ভার, সেই হাত রুখুক অপরাধ বারবার।” রাজ্যে ক্ষমতায় আসার পর বারুইপুরকাণ্ডে প্রথম এনকাউন্টার দেখা যায়। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই গতকাল জোড়া এনকাউন্টার হল। দুটি ঘটনাতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তবে পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছেন বিজেপির মন্ত্রী, নেতারা। কবিতার মাধ্যমে মন্ত্রী আরও লিখেছেন, “রাষ্ট্রের শক্তি থাকুক মানুষের পাশে, শান্তির সকাল ফিরুক প্রতিটি ঘরে। অপরাধ দমনে দৃঢ়তা চাই, মানুষের নিরাপত্তায় আপস নাই।” 

গতকাল রাতে দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই জোড়া এনকাউন্টার প্রসঙ্গে বলেন, “দুটি বিষয়ে পুলিশকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। নেশামুক্তি ও মহিলাদের উপর অত্যাচারের ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতে পারবে।” দুই ক্ষেত্রেই পুলিশ আধিকারিকরা কোনও সমস্যায় পড়লে পুলিশমন্ত্রী হিসেবে তিনি নিজে ঢাল হয়ে দাঁড়াবেন। সেই কথাও জানিয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গকে গুন্ডামুক্ত করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে কোনও আপস নয়, সেই কথা কবিতার মাধ্যমেও প্রকাশ করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এর আগেও অগ্নিমিত্রা কলম ধরেছেন। চলতি বছর ৯ আগস্ট রাজ‌্যজুড়ে পালিত হয়েছে অভয়া দিবস। তৃণমূল জমানায় দু’বছর আগে অভিশপ্ত ৯ আগস্ট আর জি কর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ‘ধর্ষণ’ ও খুন করা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে। ওই দিনকে স্মরণ করেই এবার থেকে প্রতি বছর ওই দিন অভয়া দিবস পালন হবে। চলতি বছর আসানসোল জেলা হাসপাতালেও অভয়া স্মরণের আয়োজন হয়েছিল। সেখানেও এই বিষয়ে স্বরচিত কবিতা পাঠ করেছিলেন অগ্নিমিত্রা। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…