
কলকাতা, ২৬ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত পিতাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেসের বিরুদ্ধে জোরালো আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। কংগ্রেস রাজনৈতিক দিক থেকে চরম পতনের শিকার হয়েছে বলে দাবি করেন তিনি।
সোমবার কলকাতায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, এই ধরনের মন্তব্যই প্রমাণ করে কংগ্রেস রাজনৈতিকভাবে কতটা নিচে নেমে গেছে। তাঁর কথায়, কংগ্রেস এখন আর কোনও রাজনৈতিক দল হিসেবে টিকে নেই, বরং তারা পরজীবীতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করে শমীক আরও বলেন, এর আগে কংগ্রেস মোদীজিকে ‘মউত কা সওদাগর’ বলে আক্রমণ করেছিল এবং দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তাদের মোক্ষম জবাব দিয়েছিল। এখন আবার তাঁর পিতাকে টেনে এনে যে ধরনের অপমানজনক মন্তব্য করা হচ্ছে, তারও যোগ্য জবাব আগামী দিনে ভারতের জনগণই কংগ্রেসকে দেবে।
