
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর মরসুমে অতিথি আপ্যায়ন হোক কিংবা ছুটির দিনে জমিয়ে জলখাবার— লুচি, পরোটা ছাড়া আয়োজন যেন অসম্পূর্ণ। তবে লুচি ভাজা বা পরোটা সেঁকার চেয়েও অনেক সময় বেশি ঝক্কির হয়ে ওঠে ময়দা মাখা ও বেলার কাজ। তার উপর পুজোর আগে যত্ন করে করানো নখের নকশা ময়দা মাখতে গিয়ে নষ্ট হলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। পুজোর মুখে আটা, ময়দা মাখার জন্য নতুন যন্ত্র কেনার প্রয়োজন নেই। কাজে লাগাতে পারেন বাড়ির মিক্সার গ্রাইন্ডারকে। বাঙালি হেঁশেলে সাধারণত পরোটা বা লুচি তৈরি হয় ময়দা দিয়ে। তবে এই কায়দায় রোজের রুটির জন্যও আটা মাখতে পারেন।
যদিও মিক্সির পাত্র খুব বেশি বড় হয় না, ফলে একবারে অনেকটা ময়দা বা আটা মাখা সম্ভব নয়। কৌশল সহজ। পরোটা বানাতে চাইলে শুধু ময়দা নিতে পারেন, চাইলে ময়দার সঙ্গে একমুঠো আটাও মেশাতে পারেন। আটা-ময়দার মিশ্রণটি মিক্সারে দিয়ে ময়ানের জন্য ঘি বা সাদা তেল দিন। মিক্সার কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিন, যাতে তেল ভাল ভাবে মিশে যায়। যোগ করুন স্বাদমতো নুন। এ বার অল্প করে জল দিন, মিক্সারের সুইচ চালিয়ে ১ মিনিট করে ঘোরাতে থাকুন। যন্ত্র বন্ধ করে, ঢাকনা খুলে চামচের সাহায্যে মিক্সারের পাত্রে লেগে থাকা ময়দার ডেলাগুলি আলগা করে দিন। আবার জল দিন। এই ভাবে অল্প করে জল দিয়ে এক বার করে মিক্সার ঘোরালেই ২-৩ মিনিটের মধ্যেই ময়দা বা আটা মাখা হয়ে যাবে।
মিশ্রণটি বার করে থালায় নিয়ে হাত দিয়ে আরও ২ মিনিট ভাল করে মেখে কাপড় দিয়ে ঢেকে রাখুন।লুচির জন্য ময়দা মাখতে হলে, তা একটু শক্ত রাখতে হবে। এতে লুচি ভাল ফুলবে। পরোটার ক্ষেত্রে মিশ্রণটি খুব নরম বা শক্ত, কোনওটাই হবে না। তবে রুটির জন্য আটা মাখলে হালকা গরম জল দিয়ে মাখুন। মাখার পরে আধ ঘণ্টা কাপড় ঢাকা দিয়ে রাখতে হবে। এতে গ্লুটেন তৈরি হবে। রুটিও নরম থাকবে।
