
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পথেই আন্দোলন, পথেই মানুষের পাশে দাঁড়ানো—এই রাজনৈতিক দর্শনেই বরাবর বিশ্বাসী Mamata Banerjee। ২০২৬ সালের ভোটে ক্ষমতা হারানোর পরও প্রথম কর্মসূচির জন্য ফের রাস্তাতেই নামছেন তৃণমূল নেত্রী, জানিয়ে দিলেন লড়াইয়ের ময়দান তিনি ছাড়ছেন না।কথা ছিল, ২ জুন, মঙ্গলবার বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগে রানি রাসমনি অ্যাভিনিউতে ধরনায় বসবেন। কিন্তু সেই কর্মসূচি খানিকটা বদলেছেন মমতা। সূত্রের খবর, অবস্থান বিক্ষোভ বা ধরনা নয়, রানি রাসমনি অ্যাভিনিউ ধরে পদযাত্রা করবেন তিনি। জানিয়েছেন, পুলিশের অনুমতি না পেলে আদালতে যাবেন না। সাধারণ নাগরিক হয়েই প্রতিবাদ দেখাবেন।
ছাব্বিশের ভোটে দলের ভরাডুবির পর কার্যত মুষল পর্ব শুরু হয়েছে। অন্দরেই তীব্র সমালোচনা, পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। এই অবস্থায় দলকে চাঙ্গা রাখতে এবং মানুষের পাশে থাকতে নিজের কালীঘাটের বাড়িতে একাধিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সকলকে নিয়ে। জয়ী প্রার্থীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, বারবার পথে নামার কথা বলেছেন। এবার তিনি নিজেই নামতে চলেছেন পথে। ভোট পরবর্তী হিংসা, ভোটে কারচুপি, তৃণমূলের উপর হামলা, তদন্তকারী সংস্থাকে দিয়ে চাপ দেওয়ার মতো বেশ কয়েকটি অভিযোগ তুলে মঙ্গলবার প্রতিবাদ কর্মসূচিতে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২ জুন রানি রাসমনিতে অবস্থান বিক্ষোভের কথা ছিল তাঁর। তার জন্য পুলিশের অনুমতিও চেয়েছিলেন।
কিন্তু সেই অনুমতি যে মিলবে না, তা বেশ টের পেয়েছেন পোড়খাওয়া রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে খবর, অবস্থান বিক্ষোভ নয়, তিনি রাসমনি অ্যাভিনিউ ধরে মিছিল করবেন। তাঁর মূল মন্ত্র, ‘রাস্তাই রাস্তা দেখাবে।’ সূত্রের খবর, দলনেত্রী জানিয়েছেন, পুলিশ অনুমতি না দিলে আদালত থেকে অনুমতি চাইতে যাবেন না। আসলে ইতিমধ্যে পরপর দু’দিন দলের দুই সাংসদ রাস্তায় বেরিয়ে ব্যাপক জনরোষের শিকার হয়েছেন। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রবিবার চণ্ডীপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জনতার হাতে প্রহৃত হয়েছেন। তৃণমূলের জনপ্রতিনিধিরা চরম আতঙ্কিত। এই পরিস্থিতিতে মমতা নিজে রাস্তায় মিছিল করে তাঁদের মনোবল বাড়াতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
