Life Style News

1 hour ago

Fruit Safety Tips: বাজারের কলা কতটা নিরাপদ? জেনে নিন রাসায়নিক দিয়ে পাকানো কলা চেনার ৫ সহজ কৌশল

Chemical Ripened Bananas Safety Tips
Chemical Ripened Bananas Safety Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গৃহস্থের ফলের ঝুড়ি হোক কিংবা বাজারের ফলের দোকান—কলা প্রায় সর্বত্রই দেখা যায়। সারা বছরই বাজারে সহজলভ্য এই ফল। তবে বাজার থেকে কেনা কলা প্রাকৃতিকভাবে পেকেছে, নাকি কৃত্রিম উপায়ে পাকানো হয়েছে, তা নিয়ে অনেকেরই সংশয় থাকে। শুধু খালি চোখে দেখে সবসময় বিষয়টি বোঝা সহজ নয়। স্বাভাবিকভাবে পাকতে থাকা কলায় ধীরে ধীরে ইথিলিন গ্যাস তৈরি হয়। এই প্রক্রিয়ায় কলার ভিতরের স্টার্চ ধীরে ধীরে শর্করায় পরিণত হয়। ফলে কলা পাকতে শুরু করে এবং ক্রমশ নরম হয়ে ওঠে।

অন্যদিকে, দ্রুত বাজারজাত করার উদ্দেশ্যে কখনও কখনও কাঁচা কলা কৃত্রিম উপায়ে পাকানোর চেষ্টা করা হয়। এ ক্ষেত্রে ক্যালশিয়াম কার্বাইড ব্যবহারের অভিযোগ রয়েছে। রাসায়নিকের প্রভাবে কলার খোসা দ্রুত হলুদ হয়ে গেলেও ভিতরের অংশ একইভাবে পাকা নাও হতে পারে। তাই শুধু কলার বাইরের হলুদ রং দেখেই সেটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পেকেছে বলে ধরে নেওয়া ঠিক নয়। ফল কেনার সময় সতর্ক থাকা এবং নিরাপদ উৎস থেকে ফল সংগ্রহ করাই গুরুত্বপূর্ণ।

* খোসার রং দেখুন— স্বাভাবিকভাবে পাকলে, কলার খোসায় হলুদের মধ্যে বাদামি বা কালচে ছোপ দেখা দিতে পারে। কৃত্রিমভাবে পাকানো কলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অস্বাভাবিক রকমের উজ্জ্বল। ডগায় সবুজ ভাবও থাকতে পারে।

* খোসার গঠনেও মিলতে পারে ইঙ্গিত— কলার খোসাটি পরখ করে দেখুন। স্বাভাবিকভাবে পাকা কলার খোসা কিছুটা নরম হতে পারে। অতিরিক্ত মসৃণ, শক্ত বা অস্বাভাবিক রকমের মোমের মতো খোসা দেখলে সতর্ক হতে হবে।

* গন্ধে বোঝা যেতে পারে— পাকা কলা গন্ধ মিষ্টি, বিশেষ করে গোড়ার কাছে। নাকের কাছে আনলেই তা চেনা সম্ভব। অপরদিকে, অপরিপক্ব বা অস্বাভাবিকভাবে পাকানো কলায় সেই গন্ধ তেমন থাকে না। একেবারেই গন্ধ না থাকলে কলাটি সত্যিই পাকা কি না, তা নিয়ে সন্দেহ থেকে যায়।

* গোড়ার দিক পরীক্ষা করে দেখুন— স্বাভাবিকভাবে পাকলে কলার ডাঁটি কুঁচকে যেতে পারে। কিন্তু পুরো কলা হলুদ হয়ে গেলেও ডাঁটি যদি অস্বাভাবিকভাবে টাটকা ও উজ্জ্বল সবুজ থাকে, তাহলে বুঝতে হয় যে তা পাকাতে রাসায়নিকের ব্যবহার করা হয়েছে।

* খোসা ছাড়ালেই পরিষ্কার হয় সমস্তটা— স্বাভাবিকভাবে পাকা কলা চটকালে নরম, মসৃণ ও ক্রিমের মতো মনে হয়। কিন্তু অপরিপক্ব কলার ভেতরটা শক্ত, শুকনো বা কিছুটা রাবারের মতো লাগতে পারে। স্বাদও হতে পারে ফিকে বা বিস্বাদ।

কলাটি পরখ করে সন্দেহজনক লাগলে তা না কেনাই ভালো। এ ক্ষেত্রে কেবলমাত্র বিশ্বস্ত ফলওয়ালার থেকেই কিনুন রোজের ফলমূল। তবে অনেক সময় প্রজাতিভেদেও তফাৎ দেখা যায় কলার বৈশিষ্ট্যে। তার মানেই যে সেটি রাসায়নিকে পাকানো, তা নাও হতে পারে।

You might also like!