
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর সাজে চোখের মেকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অষ্টমীর সকাল হোক কিংবা সপ্তমীর রাত, চোখের সাজেই ফুটে উঠতে পারে আপনার সৌন্দর্যের বিশেষ আকর্ষণ। তবে শুধু কাজল পরলেই হবে না, জানতে হবে তার সঠিক প্রয়োগও। চোখকে আরও গভীর ও আকর্ষণীয় করে তুলতে আইশ্যাডো এবং মাস্কারার সঠিক ব্যবহার সাজে এনে দিতে পারে বাড়তি মাত্রা।
* চোখে প্রাইমার দিয়ে শুরু করুন মেকআপ। ব্রাশে অল্প ম্যাট ব্রাউন আইশ্যাডো নিয়ে আলতো করে উপরের ল্যাশ লাইন বরাবর টানুন। চোখের মাঝখান থেকে শেষ পর্যন্ত টানতে হবে। এতে চোখের আকার লম্বাটে দেখাবে। প্রথম ধাপটি কেবল চোখের আকৃতি তৈরি করে। এ বার আগের বাদামি রেখা অনুসরণ করে কাজল টানুন চোখের শেষ প্রান্ত অবধি। পরের ধাপে উইঙ্গড আই তৈরি করতে পেনসিলটি দিয়ে বাইরের কোণ উপরের দিকে ও ভিতরের কোণটি নীচের দিকে টেনে দিন।
* কাজল মানেই আর কালো নয়। তাই মেকআপ প্যালেট ভরে উঠুক নীল, সবুজ, গেরুয়া নানা রঙে। চোখের ভিতরের নীচের কোণ থেকে সবুজ আই পেনসিলের টান শুরু হয়ে উপরের অর্ধেক অংশে গিয়ে চোখের পাতার সঙ্গে মিশিয়ে দিন। মাস্কারা দিয়ে সাজান চোখের পাতা।
* স্মোকি-আই অনেকেই পছন্দ করেন। তা করা তেমন কঠিন কিছু নয়। প্রথমে ডার্ক শ্যাডো দিয়েই শুরু করুন। গাঢ় খয়েরি রঙ বা কালো দিয়ে চোখের পাতা ভরে নিন। ভাল করে মিশিয়ে নিতে হবে। তার পর একটি সরু ব্রাশ দিয়ে গাঢ় খয়েরি রং ভরে দিন আপনার চোখের কোনাগুলিতে। এর পর চোখের উপরে মাঝারি খয়েরি রং ধীরে ধীরে মিলিয়ে দিন। সেই সঙ্গে চোখের নীচের দিকটা হালকা খয়েরি রঙে ধীরে ধীরে মিলিয়ে দিন।
* মেটালিক স্মোকি আই মেকআপের বেশ চাহিদা রয়েছে এখন। এর জন্য ক্রিম কালারের বেস এবং পাউডার আইশ্যাডো ব্যবহার করা হয়। সঙ্গে হাইলাইটার। সাজে ভারতীয় ছোঁয়া আনতে চাইলে উপরের দিকে কাজলের একটা লাইন আর রঙিন মাস্কারাও ব্যবহার করতে পারেন।
