
রাঁচি, ১০ অক্টোবর : হোপের ৯ ছক্কায় সেঞ্চুরি ও রাদারফোর্ডের ৭ ছক্কায় ৮৪ রানের সুবাদে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয়ের নজির গড়ল ক্যারিবিয়ানরা। ৫০১ রানের উৎসবের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৬ উইকেটে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। রাঁচিতে শুক্রবার সাঞ্জু স্যামসনের ৪১ বলে ৮২ ও তিনটি চল্লিশ ছোঁয়া ইনিংসে ভারত ২০ ওভারে তোলে ২৪৯ রান। তখন পর্যন্ত এই দুই দলের মধ্যে টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ স্কোর। বড় রান তাড়ায় প্রথম ওভারে দুটি ও পাওয়ার প্লেতে মোট তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হোপ ও শেরফেন রাদারফোর্ডের বিধ্বংসী দুটি ইনিংসে লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা ৯ বল হাতে রেখেই। ভারতের বিপক্ষে এতদিন ২২৩ রানের বেশি তাড়া করে জয়ের নজির ছিল না কোনো দলের।
ওয়েস্ট ইন্ডিজ সেটি করে দেখাল দাপট দেখিয়ে। যেখানে আলাদা করে বলতে হবে হোপের কথা। পাঁচ দিন আগে চান্ডিগড়ে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৩৫২ রানের লক্ষ্য তাড়ায় অপরাজিত ১৬২ রানের দুর্দান্ত ইনিংসে দলকে জেতান তিনি। এর আগের ম্যাচেও সেঞ্চুরি করেন তিনি। ৯ ছক্কা ও ৬ চারে ৪৫ বলে অপরাজিত ১০২ রানের টর্নেডো ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন হোপ। পার্শ্বনায়ক রাদারফোর্ড পাঁচ নম্বরে নেমে সাতটি করে চার ও ছক্কায় ৩৭ বলে করেন ৮৪ রান। চতুর্থ উইকেটে স্রেফ ৫৪ বলে ১২০ রানের জুটি উপহার দেন এই দুজন।
