
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে একের পর এক সাফল্যের নজির গড়ার পর এবার আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়ার পথে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত এই ব্লকবাস্টার ছবির সঙ্গে জুড়ল গ্র্যামির দৌড়। বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা তৈরি হয়েছে ছবিটিকে ঘিরে। টি-সিরিজ এবং বি৬২ স্টুডিওজের তরফে এই খবর জানানো হয়েছে।
প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডের একাধিক বিভাগে মনোনয়নের জন্য ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর একাধিক সাউন্ডট্র্যাক জমা দেওয়া হয়েছে। সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেবের সুরে তৈরি এই অ্যালবামের নয়টি গান গ্র্যামির নয়টি বিভাগে পাঠানো হয়েছে। ‘ধুরন্ধর ২’-এর পুরো অ্যালবাম ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে জমা দেওয়া হলেও অ্যালবামের নয়টি গান আলাদা আলাদা বিভাগে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। এহেন সুখবর ভাগ করে নিয়েই ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য দর্শকমহলকে ধন্যবাদ জানিয়েছেন নির্মাতারা। তালিকায় রয়েছে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘ফির সে’। ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে এই গানটি জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, বম্বে রকার্স, খান সাব, জ্যাসমিন স্যান্ডলাস, রেবল, টোকেন এবং সুধীর যাদুবংশীদের গাওয়া ‘আরি আরি’ গানটি জায়গা করে নিয়েছে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগে। পাশাপাশি, ‘জান সে গুজরাতে হ্যায়’ এবং ‘কানহাইয়া’ গান দুটি ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে জ্যাসমিন স্যান্ডলাস ও সতিন্দর সরতাজের গাওয়া ‘যাইয়ে সাজনা’ গানটি ‘বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স’ বিভাগে জমা পড়েছে। অন্যান্য গানগুলোর মধ্যে রয়েছে ‘বেস্ট র্যাপ পারফরম্যান্স’-এর জন্য ‘ডেস্টিনি – মন আটকিয়া’, ‘বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং’-এর জন্য ‘ভারি জাভান’ এবং ‘বেস্ট রিমিক্সড রেকর্ডিং’-এর জন্য ‘হাম প্যায়ার করনে ওয়ালে’ গানটি পাঠানো হয়েছে। এবার গ্র্যামির মঞ্চে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর গান কতটা সাড়া ফেলে? তা দেখার অপেক্ষা। তবে বিভিন্ন বিভাগে মনোনয়নের জন্য গান জমা পড়া মানেই চূড়ান্ত মনোনয়ন বা পুরস্কার নিশ্চিত হওয়া নয়। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে চলেছে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসর। ‘ধুরন্ধর’ অস্ত্রে ভারত সেখানে শিকে ছিঁড়তে পারবে কি না, নজর থাকবে সেদিকে।
চলতি বছরের মার্চ মাসে দেশজুড়ে মোট ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রিলিজের দিনই ভারতে ১০২.৫৫ কোটির ব্যবসা করে বলিউড তো বটেই, এমনকী একাধিক মেগাবাজেট এবং আন্তর্জাতিক আঙিনায় ঝড় তোলা দক্ষিণী সিনেমার রেকর্ড ভেঙে সর্বকালের সেরা ব্যবসা করা হিন্দি ছবির খেতাব জিতে নিয়েছিল রণবীর সিং অভিনীত ছবি। সিনেবাণিজ্য বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিক-এর রিপোর্ট রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছিল। খবর, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ এবং ২০২৬ সালের মার্চে রিলিজ করা দ্বিতীয় ভাগ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বিশ্বজুড়ে সম্মিলিতভাবে ৩০১৯.৩৫ কোটি টাকার ব্যবসা করেছে, যা ‘বাহুবলী’ এবং ‘পুষ্পা’ দুটো সিনেমার মোট আয়ের চেয়েও অনেকটা এগিয়ে। উল্লেখ্য, সংশ্লিষ্ট দুই দক্ষিণী সিনেমাও দু’ভাগে মুক্তি পেয়েছিল। আর ‘পুষ্পা’ ও ‘বাহুবলী’র সিক্যুয়েলও প্রথমভাগের মতোই আন্তর্জাতিক আঙিনায় ঝড় তুলেছিল। তবে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে এবার গ্র্যামি পুরস্কারের দৌড়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
DHURANDHAR THE REVENGE for your GRAMMY®️ consideration. Thank you for all the love. 🔗 - https://t.co/huzbJe8xwS #ForYourConsideration #Grammys #RecordingAcademy #FYC @RanveerOfficial @rampalarjun @duttsanjay @ActorMadhavan #AkshayeKhanna #SaraArjun @bolbedibol @AdityaDharFilms #JyotiDeshpande @LokeshDharB62 @jiostudios #B62Studios @TSeries @JioHotstar @StarGoldIndia
— B62 Studios (@B62Studios) October 9, 2026
