Entertainment

1 hour ago

OTT Releases: পুজোর ছুটিতে ওটিটিতে জমজমাট বিনোদন, নতুন ছবি-সিরিজে থাকছে রহস্যের রোমাঞ্চ

5 New Movies & Series to Watch This Puja Weekend
5 New Movies & Series to Watch This Puja Weekend

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুজোর আমেজে মেতে উঠেছে চারদিক। শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততার মাঝেই সপ্তাহান্তের ছুটিতে ঘরে বসে বিনোদনের সুযোগও রয়েছে। নতুন ছবি থেকে টানটান রহস্য, অপহরণ ও নানা স্বাদের গল্প—উৎসবের মরসুমে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হতে চলেছে বেশ কিছু নতুন কনটেন্ট। পুজোর ছুটিতে কোন কোন ছবি বা ধারাবাহিক আপনার ওয়াচলিস্টে রাখতে পারেন, রইল তার হদিস।

১) কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত: স্বাধীনতার ইতিহাসের এক বিতর্কিত অথচ অত্যন্ত আকর্ষণীয় চরিত্র অনন্ত সিংহকে ঘিরে তৈরি হয়েছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। জিৎ অভিনীত এই ছবিতে উঠে এসেছে ষাটের দশকের কলকাতার পটভূমি। পথিকৃৎ বসু পরিচালিত ছবিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের জীবনের নানা অধ্যায় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। এক সময়ে বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত এই মানুষটির জীবন পরবর্তী সময়ে নানা বিতর্কে জড়িয়ে পড়ে। সমাজের একাংশ তাঁকে বিপ্লবী বলেছে, আবার কেউ কেউ ডাকাতের তকমাও দিয়েছেন। সেই দ্বন্দ্বই ছবির গল্পের অন্যতম আকর্ষণ। জিতের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন। বড়পর্দায় মুক্তির পরে এ বার ঘরে বসে দেখার সুযোগ মিলছে ছবিটি। ৯ অক্টোবর থেকে এই ছবি দেখা যাবে জ়িফাইভে।

২) আইজ়: অনুসরণ করে বিরক্ত করার নেপথ্যে লুকিয়ে থাকে বিশেষ মনস্তত্ত্ব। ‘আইজ়’-এর গল্প এগিয়েছে পুলিশ আধিকারিক টিনা সেবাস্টিয়ানের তদন্তকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করেছেন কানি কুসরুতি। একাধিক অনুসরণের ঘটনার তদন্ত করতে গিয়ে টিনা বুঝতে পারেন, শুধুমাত্র পুলিশি তদন্তে এই রহস্যের সমাধান করা সম্ভব নয়। অপরাধীদের আচরণ এবং মানসিকতার গভীরে পৌঁছোতে তিনি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাহায্য নেন। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে আসক্তির অন্ধকার দিক। রহস্য ও মনস্তাত্ত্বিক টানাপড়েন পছন্দ হলে এই সিরিজ়টি সপ্তাহান্তের তালিকায় রাখা যেতে পারে। দেখা যাবে ৯ অক্টোবর থেকে সোনি লিভে।

৩) অ্যানিম্যাল্‌স: ছেলের অপহরণের খবর মুহূর্তে বদলে দেয় এক নিখুঁত পরিবারের জীবন। জীবন বাইরে থেকে যতটা সাজানো, ভিতরে ততটাই জটিল। ছেলেকে ফিরে পেতে বিপুল মুক্তিপণের ব্যবস্থা করতে হয় দম্পতিকে। কিন্তু সেই চেষ্টার মধ্যেই একের পর এক গোপন তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। পরিবারের ভিতরের চাপ, ভয় এবং লুকিয়ে রাখা সত্য ক্রমশ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ছেলেকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রীকে এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যা তাঁদের সাজানো পৃথিবীকেই ভেঙে দেওয়ার মতো। শুক্রবার থেকেই দেখা যাবে নেটফ্লিক্সে।

৪) রিপোর্টিং লাইভ: সাংবাদিকতার পেশায় সত্য প্রকাশের মূল্য কখনও জীবনের ঝুঁকিও নিয়ে আসতে পারে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘রিপোর্টিং লাইভ’-এর গল্পে সেটাই উঠে আসবে। সাংবাদিক সন্ধ্যা এবং চিত্রগ্রাহক বিনোদ মিলে একটি বেআইনি চক্রের খোঁজ করতে শুরু করে। সেই চক্রের পিছনে রয়েছে প্রভাবশালী সিন্ডিকেট। তদন্ত যত এগোয়, ক্ষমতা, দুর্নীতি এবং বেআইনি ব্যবসা প্রকাশ্যে আসে। সন্ধ্যার চরিত্রে পরিণীতি চোপড়া এবং বিনোদের চরিত্রে দেবেন ভোজানী অভিনয় করেছেন। ৯ অক্টোবর নেটফ্লিক্সে এই ছবিটি দেখা যেতে পারে।

৫) খলিফা: দ্য রুলার: কোজ়িকোড়ের এক সাধারণ বস্ত্র ব্যবসায়ী আমির আলির জীবন আচমকাই বদলে যায়। আমিরের সৎবাবাকে মিথ্যা সোনা পাচারের মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। দুর্নীতিগ্রস্ত রাজনীতিক এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের ষড়যন্ত্রে পরিবারটি প্রবল আর্থিক সঙ্কটে পড়ে। বাবার নাম কলঙ্কমুক্ত করা এবং পরিবারকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমিরকে নিজের শান্ত জীবন ছেড়ে অন্য পথে পাড়ি দিতে হয়। ধীরে ধীরে প্রকাশ্যে আসে তার পরিবারের গোপন অতীত এবং সোনা পাচারের দুনিয়ার সঙ্গে পুরনো যোগ। মুখ্য চরিত্রে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। প্রাইম ভিডিয়োয় ৯ অক্টোবর থেকে দেখা যাবে এই ছবি। 


You might also like!