
নয়াদিল্লি, ৩ অক্টোবর : রাজধানী দিল্লিতে পথ দুর্ঘটনায় প্রাণ হারানো তরুণ সঙ্গীতশিল্পী যতীন খান্নার মৃত্যুর দুই মাস পেরিয়ে গেলেও অধরা ঘাতক গাড়ি ও চালক। পুলিশের বিরুদ্ধে চরম নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবার দিল্লির অশোক বিহারে ডিসিপি (উত্তর-পশ্চিম) অফিসের বাইরে আমরণ অনশনে বসলেন নিহতের বাবা প্রবীণ খান্না। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সুবিচারের দাবিতে পুলিশের সদর দফতরের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন তিনি।
গত ২ আগস্ট উত্তর-পশ্চিম দিল্লির মুকুন্দপুর ফ্লাইওভারের কাছে বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয় যতীন খান্নার। অভিযোগ, দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও সময়মতো অ্যাম্বুলেন্স আসেনি এবং ঘাতক গাড়িটি নিয়ে চম্পট দেয় চালক।
ঘটনার ৬০ দিন পার হয়ে গেলেও অভিযুক্ত গাড়িটির কোনও হদিস দিতে পারেনি দিল্লি পুলিশ। শুক্রবার রাতে অনশনমঞ্চে বসে ক্ষোভ উগরে দিয়ে নিহতের বাবা প্রবীণ খান্না বলেন, "আমার ছেলের দুর্ঘটনার এখন দুই মাস হয়ে গেল। এটিকে হিট-অ্যান্ড-রান কেস বলা হলেও এখনও পর্যন্ত পুলিশ বলতে পারল না কোন গাড়িটি ওকে ধাক্কা মেরেছিল। হয় ওকে খুন করা হয়েছে, নয়তো গাড়ির ধাক্কায় ও মারা গেছে। যদি ধাক্কা মেরেও থাকে, তবে সেই গাড়িটিকে তো অন্তত চিহ্নিত করে আটক করা যেত! পুলিশ গাড়িটির কোনও সূত্রই খুঁজে বের করতে পারেনি।"
