
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের ১৪তম দিনের সকালে জোড়া সোনার সাফল্য এল ভারতের ঝুলিতে। প্রথমে তিরন্দাজিতে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ১৭ বছরের কুমকুম মোহোদ। রুদ্ধশ্বাস লড়াইয়ের ফয়সালা হয় শুটআউটে। স্নায়ুর চাপ সামলে শেষ পর্যন্ত সোনা নিশ্চিত করেন ভারতীয় তরুণ তিরন্দাজ। এর পর গলফেও এল সাফল্য। এশিয়ান গেমসে গলফে প্রথমবার ভারতের হয়ে সোনা জিতলেন প্রণবী উরস। পরপর দুই সোনায় ভারতের পদক তালিকায় আরও এক ধাপ যোগ হল। এর ফলে দেশের মোট সোনার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮-তে। পদক তালিকায় ভারত রয়েছে পঞ্চম স্থানে।
জাপানে এশিয়ান গেমস প্রায় শেষ পর্যায়ে। আর শেষদিকে জ্বলে উঠছেন ভারতীয় প্রতিযোগীরা। এদিন সকালে মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে নেমেছিলেন কুমকুম। দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যান ১৭ বছর বয়সি অ্যাথলিট। শেষ পর্যন্ত স্কোর ছিল ৫-৫। এরপর শুটআউটে ১০ স্কোর করে কুমকুম। অন্যদিকে কোরিয়ান প্রতিপক্ষ ৮ স্কোর করে। ভারতীয় অ্যাথলিট সোনা জয়ের পাশাপাশি ২০২৮-র অলিম্পিকের জায়গাও নিশভিত করে ফেলল। এই প্রথমবার মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ তিরন্দাজিতে সোনা জিতল কোনও ভারতীয়। এর আগে কুমকুম মহিলাদের দলগত ইভেন্টে সোনা ও মিক্সড ইভেন্টে রুপো জেতে।
অন্যদিকে আরেকটি সোনা এল গলফে। ২৩ বছর বয়সি প্রণবী উরস প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান গেমসে মহিলাদের গলফে সোনা জিতলেন। তাঁর স্কোর ছিল ১৫-আন্ডার-পার ২৬৫। তবে শুধু সোনা নয়। দলগত ইভেন্টেও অদিতি অশোক, দীক্ষা ডাগারদের সঙ্গে নিয়ে রুপো জেতেন। সেখানে তাঁদের স্কোর ছিল ১৪-আন্ডার ৫৪৬।
