
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বেদানা খেতে পছন্দ করেন অনেকেই। কিন্তু ফলটির খোসা ছাড়িয়ে লাল টুকটুকে দানাগুলি বের করা বেশ ঝামেলার। সামান্য অসাবধানতাতেই চারদিকে ছিটকে পড়ে রস, হাতে দাগ লাগে, নোংরা হয় রান্নাঘরও। তবে কয়েকটি সহজ কৌশল জানা থাকলে মাত্র পাঁচ মিনিটেই এই কাজ করা সম্ভব। আর এর জন্য দামি কোনও যন্ত্রের প্রয়োজন নেই, হাতের কাছে থাকা ছুরি, বাটি ও কাঠের চামচই যথেষ্ট।
∆ কীভাবে সহজে বেদানার দানা বের করবেন?
প্রথমে বেদানাটি ভাল করে জলে ধুয়ে নিন। এরপর একটি ছুরি দিয়ে ফলের উপরের মুকুটের মতো অংশটি অল্প করে কেটে বাদ দিন। খেয়াল রাখবেন, খুব গভীর করে কাটবেন না। তাতে ভিতরের দানাগুলি কেটে গিয়ে রস বেরিয়ে আসতে পারে। এবার বেদানার গায়ে থাকা সাদা পর্দা বা প্রাকৃতিক বিভাজক রেখাগুলি দেখে নিন। সেই রেখা বরাবর খোসার উপর কয়েকটি হালকা চিরে দিন। এরপর হাত দিয়ে ধীরে ধীরে বেদানাটিকে কয়েকটি ছোট অংশে ভাগ করে নিন।
এবার একটি বড় ও গভীর বাটি নিন। বেদানার একটি অংশ দানার দিকটি নিচের দিকে রেখে বাটির উপর ধরুন। অন্য হাতে কাঠের চামচ দিয়ে খোসার পিছনের দিকে হালকা অথচ দৃঢ়ভাবে টোকা দিতে থাকুন। দেখবেন, ধীরে ধীরে দানাগুলি খোসা থেকে আলগা হয়ে বাটিতে পড়তে শুরু করেছে। একইভাবে বাকি অংশগুলির দানাও বের করে নিন।
জল ব্যবহার করেও দূর করতে পারেন ঝামেলা—
আরও কম ছিটেফোঁটা চাইলে ব্যবহার করতে পারেন জলের পদ্ধতি। একটি বড় বাটিতে ঠান্ডা জল নিন। বেদানার খোসা ছাড়িয়ে ছোট ছোট অংশগুলি জলের মধ্যে ডুবিয়ে রাখুন। এরপর আঙুলের সাহায্যে ধীরে ধীরে দানাগুলি আলাদা করুন। এই পদ্ধতিতে বেদানার দানাগুলি সাধারণত বাটির তলায় জমা হয় এবং সাদা আঁশ ও খোসার টুকরো জলের উপরে ভেসে ওঠে। উপরের ভাসমান সাদা অংশগুলি সরিয়ে জল ঝরিয়ে নিলেই পরিষ্কার ডালিমের দানা পেয়ে যাবেন। এই দানাগুলি সরাসরি খাওয়ার পাশাপাশি ফলের স্যালাড, দই কিংবা বিভিন্ন মিষ্টি খাবারেও ব্যবহার করতে পারেন। সামান্য কৌশল জানলেই ডালিম ছাড়ানোর দীর্ঘ ঝামেলা অনেকটাই কমে যাবে।
