LPG Saving Tips: গ্যাসের খরচ কমাতে চান? রান্নার অভ্যাসে এই ৬টি বদল আনলেই মিলবে সুফল

lpg gas saving tips kitchen cooking hacks
lpg gas saving tips kitchen cooking hacks

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় মধ্যবিত্তের সংসারে খরচের চাপ ক্রমশ বাড়ছে। তবে রান্না তো আর বন্ধ রাখা সম্ভব নয়! তাই সিলিন্ডার যাতে বেশিদিন চলে, তার জন্য অনেকেই নানা উপায় খোঁজেন। অথচ রোজকার রান্নার সময়ে কিছু সাধারণ ভুলের কারণে অজান্তেই গ্যাসের অপচয় হয়। রান্নার অভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই এই অপচয় কমানো সম্ভব। কয়েকটি সহজ কৌশল মেনে চললে কীভাবে গ্যাস সাশ্রয় করা যায়, জেনে নিন।

∆ কী কী করবেন?

* রান্নার আগে সব গুছিয়ে নিন: গ্যাস জ্বালানোর পর অনেকে সবজি কাটতে বা মশলা খুঁজতে ছোটেন। এতে অনেকটা গ্যাস ফালতু পুড়ে নষ্ট হয়। তাই রান্না শুরু করার আগেই সবজি কাটা, মশলা বাটা এবং দরকারি সব জিনিস হাতের কাছে গুছিয়ে রাখুন। এতে রান্নাও তাড়াতাড়ি হবে, আর গ্যাসও বাঁচবে।

* সঠিক বাসনের ব্যবহার: ছোট পাত্র যদি বড় বার্নারে বসান, তবে আগুনের তাপ পাত্রের বাইরে বেরিয়ে নষ্ট হয়। তাই বাসনের মাপ বুঝে বার্নার বেছে নিন। যে সব বাসনের তলা সমান এবং যেগুলোতে ঢাকা দেওয়া যায়, তাতে রান্না করলে তাপ বাইরে বেরোতে পারে না। ফলে খাবার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়।


* প্রেশার কুকারের ব্যবহার: চাল, ডাল, আলু বা শক্ত সবজি সেদ্ধ করার জন্য কড়াইয়ের বদলে প্রেশার কুকার ব্যবহার করুন। কুকারে বাষ্পের চাপে রান্না অনেক দ্রুত হয়, ফলে গ্যাসের খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যায়।

* আঁচ কমানো এবং ফ্রিজের খাবার গরম করা: যেকোনও তরকারি বা ঝোল ফুটতে শুরু করলেই গ্যাসের আঁচ কমিয়ে দিন। সব রান্না গনগনে আঁচে করার দরকার হয় না। কম বা মাঝারি আঁচে রান্না করলে গ্যাস বাঁচে। অন্যদিকে, ফ্রিজ থেকে বের করেই ঠান্ডা খাবার সরাসরি গ্যাসে বসাবেন না। কিছুক্ষণ বাইরে রেখে স্বাভাবিক তাপমাত্রায় আসার পর গরম করুন।

* পরিষ্কার বার্নার ও পাইপ চেকিং:  বার্নারে ময়লা জমে থাকলে গ্যাস ঠিকমতো বেরতে পারে না। তাই সপ্তাহে অন্তত একবার বার্নার পরিষ্কার করুন। খেয়াল রাখবেন, গ্যাসের শিখা যেন সবসময় নীল রঙের হয়। এর পাশাপাশি নিরাপত্তার দিকটাও মাথায় রাখতে হবে। গ্যাসের পাইপ এবং রেগুলেটর মাঝে মাঝেই চেক করুন। কোথাও লিক থাকলে গ্যাস যেমন নষ্ট হয়, তেমনি বড় বিপদের ভয়ও থাকে। একটু সতর্ক হলেই আপনার সাধের গ্যাস সিলিন্ডারটি চলবে বেশ কিছুদিন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…