Breaking News
 
Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর

 

Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ

Health Commission Raids Bardhaman Nursing Homes
Health Commission Raids Bardhaman Nursing Homes

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ঝাঁ চকচকে বহুতল ভবন। কোথাও তিনতলা, কোথাও চার বা পাঁচতলা। বাইরে বড় বড় সাইনবোর্ডে ফলাও করে প্রচার করা হচ্ছে মাল্টিস্পেশ্যালিটি চিকিৎসা পরিষেবার কথা। কিন্তু বাস্তবে সেই সব নার্সিংহোম ও হাসপাতালের একাধিক জায়গায় রোগীর নিরাপত্তা এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিকাঠামোরই অভাব রয়েছে। রাজ্যের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের সাম্প্রতিক পরিদর্শনে উঠে এসেছে এমনই উদ্বেগজনক ছবি। পরিস্থিতি খতিয়ে দেখার পর কয়েকটি নার্সিংহোমে নতুন করে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে দ্রুত পরিকাঠামোগত ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছে কমিশন। স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সেখানেও রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বর্ধমান শহরের একাধিক বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালে শিশুমৃত্যু এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে আসে। একের পর এক অভিযোগ ঘিরে উদ্বেগ ছড়াতেই বিষয়টি নিয়ে সক্রিয় হয় রাজ্য সরকার। এরপরই বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির চিকিৎসা পরিষেবা এবং পরিকাঠামোর বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে উদ্যোগী হয় কমিশন। মঙ্গলবার সেই পরিদর্শনে নেমে একাধিক প্রতিষ্ঠানে নানা ধরনের অনিয়ম ও পরিকাঠামোগত ঘাটতি নজরে আসে আধিকারিকদের। কমিশনের নেতৃত্বে রয়েছেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারগুলিতে এ ধরনের পরিদর্শন হয়নি। অন্যদিকে, বিলিং সংক্রান্ত অনিয়ম, পরিকাঠামোর অভাব এবং চিকিৎসা পরিষেবার মান নিয়ে বিভিন্ন সময়ে কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগগুলির সত্যতা যাচাই এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার সকালে বর্ধমান সার্কিট হাউসে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কমিশনের প্রধান বিশ্বজিৎ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্বেতা অগ্রবাল, পুলিশ সুপার পুষ্পা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম-সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা। বৈঠক শেষে পাঁচ সদস্যের বিশেষ প্রতিনিধিদল দু’টি ভাগে ভাগ হয়ে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন শুরু করে। কমিশনের মতে, বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোমের পরিকাঠামো দেখতে গিয়ে উঠে আসে একাধিক গুরুতর অসঙ্গতি। কোথাও অগ্নিনির্বাপণ ব্যবস্থার প্রয়োজনীয় শংসাপত্র নেই, কোথাও চিকিৎসকদের তালিকা যথাযথ ভাবে প্রদর্শিত হয়নি। রোগীদের জন্য নির্ধারিত রেট চার্টও অনেক জায়গায় দেখা যায়নি। এই সব বিষয়ের পাশাপাশি, কমিশনের আধিকারিকেরা এ-ও খতিয়ে দেখেন একজন চিকিৎসকের নাম ও সই ব্যবহার করে একাধিক ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট দেওয়া হচ্ছে কি না! কয়েকটি প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং আইসিইউ পরিচালনার পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে। 

অবসরপ্রাপ্ত বিচারপতি তথা স্বাস্থ্য কমিশনের প্রধান বিশ্বজিৎ বলেন, ‘‘নার্সিংহোম চালাতে গেলে আইনের নির্ধারিত কাঠামোর মধ্যেই পরিষেবা দিতে হবে। শুধু নার্সিংহোমের বোর্ড ঝুলিয়ে দিলেই চলবে না। সাধারণ মানুষকে প্রকৃত চিকিৎসা পরিষেবা দিতে হবে।’’ তিনি এ-ও জানান, কোনও নার্সিংহোম বন্ধ হওয়ার পর নাম পরিবর্তন করে আবার চালু করার প্রবণতাও দেখা যাচ্ছে। কমিশন অনিয়ম চিহ্নিত করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ম মেনে পরিকাঠামো গড়ে তুলতে হবে, নয়তো বন্ধ করতে হবে।

বর্ধমানের নবাবহাটের দু’টি বেসরকারি হাসপাতালে আপাতত নতুন রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। তবে সেখানে যে সব রোগীর চিকিৎসা চলছে, তাতে কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছে কমিশন। বিশ্বজিৎ জানান, অন্য কয়েকটি নার্সিংহোমকে সতর্ক করে প্রয়োজনীয় ত্রুটি সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ম না মানলে সেগুলির বিরুদ্ধেও বন্ধের পদক্ষেপ করা হতে পারে। বুধবারও এই অভিযান চলবে। কমিশনের চেয়ারম্যানের বক্তব্য, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে শুধু লাইসেন্স থাকলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। লাইসেন্স পাওয়ার পরেও নির্ধারিত শর্ত মেনে প্রতিষ্ঠান চলছে কি না, তা নিয়মিত নজরদারি প্রয়োজন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…