
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জাতীয় সড়ক ধরে কলকাতার পথে যাচ্ছিল রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের কনভয়। হঠাৎ রাস্তার মাঝখানে একদল হাঁসকে ঘোরাঘুরি করতে দেখে থেমে যায় গাড়ি। আর দেরি না করে গাড়ি থেকে নেমে হাঁসগুলির দিকে ছুটে যান মন্ত্রী। ‘আয় আয়’ বলে ডাকতে ডাকতে তাদের নিরাপদে সরানোর চেষ্টা করেন। পাশাপাশি হাঁসগুলির মালিকের খোঁজ নিয়ে রাস্তার মধ্যে এভাবে ছেড়ে রাখার কারণও জানতে চান তিনি।
সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজবাঁধ এলাকায় জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে, মন্ত্রী এদিন আসানসোল থেকে কলকাতায় যাচ্ছিলেন। জাতীয় সড়কের উপর দিয়ে ওই হাঁসের দল ঘোরাঘুরি করছিল। সেই দৃশ্য দেখে কনভয় থামাতে বলেন মন্ত্রী। গাড়ি থেকে নেমে সেই প্রাণীগুলির দিকে এগিয়ে যান তিনি। ডাক দিয়ে রাস্তার পাশে সরানোর চেষ্টা করেছিলেন। ঘটনা দেখে আশপাশের বেশ কয়কজন তখন সেখানে দাঁড়িয়ে পড়েছেন। মন্ত্রী প্রাণীগুলিকে ডেকে প্রায় ২০০ মিটার দূরে নিরাপদ জায়গায় পৌঁছেও দেন।
হাঁসগুলি কার? কেন এভাবে রাস্তার উপর ঘোরাঘুরি করছে? লোকজনদের উদ্দেশ্যে সেই প্রশ্ন করেন অগ্নিমিত্রা। জানা যায়, স্থানীয় এক পেট্রল পাম্পের মালিক প্রকাশ দাস ওই হাঁসগুলি পোষেন। কিছু সময়ের মধ্যে তিনিও হাজির হন। কেন এভাবে হাঁসগুলিকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে? সেই প্রশ্ন তাঁকে করেন মন্ত্রী। অগ্নিমিত্রা বলেন, “দুর্ঘটনা ঘটতে পারে। ওরাও মারা যেতে পারে। মানুষও আহত পারে।” প্রাণীগুলিকে পৃথক একটি জায়গায় রাখার পরামর্শ দেন মন্ত্রী। যেখানে হাঁসদের রাখা হয়, ওই জায়গাতেও গিয়েছিলেন তিনি। প্রকাশ দাসকে বলেন, “পেট্রল পাম্পের পিছনে আপনার অনেক জায়গা আছে। সেখানে বড় করে ওদের রাখার ব্যবস্থা করুন। জলটা ভীষণ নোংরা, পরিষ্কার করুন।”মন্ত্রীর কথায়, “শুধু পুষলেই হবে না। ওদের প্রতি একটু দায়িত্ব বাড়াতে হবে।” ততক্ষণে হাঁসগুলি নিরাপদ জায়গায় চলে গিয়েছে। মন্ত্রীর কথামতোই কাজ হবে, সায় দিয়েছেন প্রকাশ দাস।
