Debangshu Bhattacharya: বিমানভীতি কাটাতে গিয়ে মন দেওয়া-নেওয়া! কীভাবে প্রেমে পড়লেন দেবাংশু?

Debangshu Bhattacharya
Debangshu Bhattacharya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ঠিক যেন বলিউডের রোম্যান্টিক ছবি ‘প্যায়ার তো হোনা হি থা’-র গল্প! ছবিতে বিমানভীতি কাটাতে কাজলকে সাহায্য করেছিলেন অজয় দেবগন। পর্দার সেই প্রেম শেষ পর্যন্ত বাস্তবেও পরিণতি পেয়েছিল বিয়ের মাধ্যমে। অনেকটা সিনেমার মতোই বিমান সফরকে কেন্দ্র করে প্রেমের শুরু দেবাংশু ভট্টাচার্যের জীবনেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাই রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তারপর থেকেই অনুরাগী ও পরিচিত মহলে কৌতূহল, কে সেই বিশেষ মানুষ? কীভাবেই বা আলাপ থেকে প্রেমের সূত্রপাত? অবশেষে প্রকাশ্যে এল দেবাংশুর প্রেমকাহিনির নানা অজানা অধ্যায়।

বিরোধীদের ঝাঁজালো ভাষায় আক্রমণ করা দেবাংশু যেন বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বেশ খানিকটা লাজুক। মিষ্টি প্রেমের গল্প নিজেই ফাঁস করেছেন তিনি। দেবাংশু জানান, শুরুটা বছর পাঁচেক আগে। সোশাল মিডিয়ায় উত্তরপাড়ার ওই তরুণীর সঙ্গে পরিচয় সেই সময় বঙ্গ রাজনীতির অত্যন্ত চর্চিত দেবাংশুর। তখন তরুণী কাজ করতেন বিমান সেবিকা হিসেবে। আর পাঁচটা ফেসবুক প্রেমের মতোই টুকটাক কথা থেকে শুরু। একটা সময় আলোচনার বিষয়বস্তু ছিল বিমান যাত্রা। কারণ, দেবাংশুর বিমান সফরে বেজায় ভয়। অন্যদিকে আকাশপথে ঘুরে বেড়ানোই পেশা তরুণীর। তখন সেই তরুনীই নাকি দেবাংশুকে আশ্বাস দিয়েছিলেন ভয় কাটানোর। ধীরে ধীরে গভীর হয় বন্ধুত্ব। তারপর অন্য চাকরির জন্য বেশ কয়েকবছর দুবাই ছিলেন তরুণী। তবে যোগাযোগ অটুট ছিল। বছর খানেক আগে কলকাতা ফেরেন তিনি। 

এরপরই প্রেমপর্বের শুরু। তবে সেই সময় রাজনীতি নিয়ে বেজায় ব্যস্ত দেবাংশু। সামনেই ছিল বিধানসভা ভোট। ফলাফল প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ব্যস্ততা কমেছে তাঁর। আপাতত রাজনীতি থেকে দূরে তিনি।  এই মরশুমেই বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। রবিবার একেবারে ব্যক্তিগত পরিসরে মিটেছে আশীর্বাদ পর্ব।  মেনুতে ছিল একেবারে বাঙালি খাবার। আগামী ফেব্রুয়ারিতে সামাজিক বিয়ে সারবেন তাঁরা। যদিও দিনক্ষণ এখনই খোলসা করেননি দেবাংশু। তিনি চাইছেন না এখনই প্রকাশ্যে আসুক পাত্রীর পরিচয়ও। তাই আপাতত সঙ্গীকে গোপনই রেখেছেন দেবাংশু।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…