Iran-US War | ‘আঘাতের অপেক্ষায় থাকব না’, মার্কিন রণতরী ঘিরে হুঙ্কার তেহরানের

Iran-US War
Iran-US War

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ায় উত্তেজনার পারদ আরও চড়িয়ে ইরানের কাছাকাছি পৌঁছেছে আমেরিকার তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। মার্কিন সামরিক উপস্থিতি বাড়তেই পাল্টা হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম ঘরিবাবাদির স্পষ্ট বার্তা, যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার প্রথম হামলার জন্য অপেক্ষা করে থাকবে না ইরান। ফলে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে পশ্চিম এশিয়ায়।

রবিবার মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় প্রবেশ করেছে। আগে থেকেই এই এলাকায় ঘাঁটি গেড়ে রয়েছে আমেরিকার আরও দুই বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ। সব মিলিয়ে ইরানের বন্দর অবরোধের লক্ষ্যে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে আরব সাগরে। নতুন রণতরী আরব সাগরে হানা দিতেই কাজেম বলেন, “আমেরিকা হয়তো কূটনীতির অপব্যবহার করে সময় কিনছে, যাতে আরেকটি হামলার প্রস্তুতি নিতে পারে। যুদ্ধের সময় সব ডিম কূটনীতির ঝুড়িতে রাখা যায় না।”

ওই রাষ্ট্রনেতা আরও বলেন, “ইরান কিউবা নয়, যাকে অবরোধ করে রাখা যাবে। ইরান ভেনেজুয়েলাও নয়, যাকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।” এর আগে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ বর্তমান পরিস্থিতিকে ‘না যুদ্ধ, না শান্তি’ বলে উল্লেখ করেছিলেন। তাঁর সেই বক্তব্য খারিজ করে কাজেম বলেন, “আমার ব্যক্তিগত বিশ্বাস, আইনি দৃষ্টিকোণ থেকে আমরা এখনও যুদ্ধাবস্থায় রয়েছি। ইরান তিনটি পরিস্থিতির জন্য প্রস্তুত। যা হল, কূটনৈতিক সমাধান, অর্থনৈতিক অবরোধের মোকাবিলা এবং নতুন করে সামরিক হামলার জবাব।” একইসঙ্গে বলেন, রেভলিউশনারি গার্ড নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথভাবে হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। পরমাণু সংক্রান্ত আলোচনা ভেঙে যাওয়ার পর গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দর অবরোধ শুরু করে ওয়াশিংটন। সেন্টকমের দাবি, এই অবরোধের ফলে ইরানের ৩০ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানি ব্যাহত গিয়েছে। প্রায় ১৫০টি বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরান সাতটি শর্ত দিয়েছে। তার মধ্যে রয়েছে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করা, অবরোধ প্রত্যাহার, তেলের উপর নিষেধাজ্ঞা তোলা এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ ফেরত দেওয়া।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…