
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোরের আলো ফোটার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেট। আগুনের লেলিহান শিখায় একের পর এক বাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে একটি দোকানে আগুন লাগে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক বাড়িতে। ঘন কালো ধোঁয়া ও আগুনের মধ্যে আটকে পড়েন বহু বাসিন্দা। দমকলের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৬ জন। সোমবার ভোরে থাইল্যান্ডের পর্যটন শহর পাটংয়ে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৩টে ১৭ মিনিট নাগাদ আগুন লাগে ফুকেটের পাটং এলাকার একটি দোকানে। সেখানে গাড়ি ও বাইক ভাড়া দেওয়ার ব্যবসা চলত। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক বাড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগুন ছড়িয়ে পড়তেই প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। উদ্ধারকাজে নামেন দমকলকর্মী ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পাশাপাশি আটকে পড়া মানুষদেরও উদ্ধারের কাজ শুরু হয়। প্রায় দু’ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মৃতদের পরিচয় এখনও বিস্তারিত ভাবে প্রকাশ করা হয়নি। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং এক জন মায়ানমারের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনও পর্যটক নেই। ফুকেটের পশ্চিম উপকূলে জনপ্রিয় পাটং সৈকতের কাছেই ঘটেছে এই দুর্ঘটনা।কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা উঠে এলেও আগুন লাগার কারণ খুঁজতে সমস্ত দিক খতিয়ে দেখে পুলিশ। ফরেন্সিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থল পরীক্ষা করছেন।
উল্লেখ্য, মাত্র চার মাস আগেই থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল। তার মধ্যেই ফের ফুকেটের এই ঘটনায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
