
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরেই দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর প্রত্যাবর্তনের ঘোষণাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। সোমবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে অশান্তি। একাধিক জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। নেত্রকোনায় একটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা, গাজিপুর ও নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করা হয়েছে। নতুন করে অশান্তি ছড়ানোয় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।
শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে ফের অশান্ত হয়েছে বাংলাদেশ। জানা যাচ্ছে, শুরুর দিকে আন্দোলনের তেমন ঝাঁজ ছিল না। কিন্তু যত সময় যাচ্ছে, ততই পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে। অগ্নিগর্ভ পরিস্থিতিতে ৬৭০টি বস্ত্র কারখানা বন্ধ রাখতে হয়েছে। ফলে চাপ ক্রমশই বাড়ছে। কিন্তু কেন এই আন্দোলন? আসলে বাংলাদেশের বস্ত্র শ্রমিকরা বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা বেতন পান। এই বেতন ৩০ হাজার টাকা করার দাবি উঠেছে। শ্রমিকদের বক্তব্য, এত কম টাকায় সংসার চলছে না। কারখানা মালিকরা ২৫ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব দিলেও তাতে রাজি হননি শ্রমিকরা। এই গোটা বিষয়টিকে কেন্দ্র করেই ক্রমশ চড়ছে পারদ। সোমবার সকালে ফরিদপুরে একটি বাসে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।সেই সময় বাসের ভিতর ঘুমাচ্ছিলেন চালক। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় চালকের। শুধু তাই নয়, রাত বাড়তেই বিভিন্ন জায়গায় ক্রুড বোমা নিয়ে হামলা চালান দুষ্কৃতীরা।
মঙ্গলবার ভোরে নেত্রকোণার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেন দুর্বৃত্তরা। পুড়ে ছাই হয়ে গিয়েছে চারটি বগি। জানা গিয়েছে, এদিন ভোর ৫টা ১০মিনিট নাগাদ ঢাকা থেকে ট্রেনটি নেত্রকোণায় এসে পৌঁছয়। অভিযোগ, যাত্রীরা নেমে যাওয়ার পরই ট্রেনটিতে অগ্নিসংযোগ করে দেন কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক। আগুন এবং ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত সেখানে ছুটে আসেন রেলের আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
এদিকে পরিস্থিতি সমাল দিতে ঢাকা, গাজিপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্তা শরিফুল ইসলাম জানান, শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে মনিটরিং সেল ড্রোন, বডি-ওয়ার্ন ক্যামেরা ও অন্যান্য ডিভাইসের ব্যবহার করা হচ্ছে।
