
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পালানোর পরিকল্পনা করেও শেষরক্ষা হল না। মুম্বইগামী বিমানে ওঠার আগেই দমদম বিমানবন্দর থেকে পুলিশের জালে ধরা পড়েন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। আদালতে পেশ করার আগে সোমবার রাতটা থানার লক-আপেই কাটাতে হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, রাতভর কার্যত ঘুমোতে পারেননি ধৃত বিধায়ক। খাওয়াদাওয়াও করেননি বলে জানা গিয়েছে। এমনকি বারবার অন্য থানায় স্থানান্তরের দাবিও জানাতে থাকেন তিনি।
তদন্তকারীদের দাবি, পরেশরামের কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা এবং ছ’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এতগুলি ফোন কেন ব্যবহার করতেন তিনি, সেগুলিতে কী ধরনের তথ্য রয়েছে এবং কার কার সঙ্গে যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখছেন বারুইপুর জেলা পুলিশের আধিকারিকরা। উদ্ধার হওয়া নগদ টাকার উৎস সম্পর্কেও তদন্ত শুরু হয়েছে। ধর্ষণ-সহ একাধিক মামলায় ধৃত এই তৃণমূল বিধায়ককে মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করার কথা রয়েছে।
ক্যানিং পশ্চিমের মমতা তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো গুরুতর ধারায় মামলা রয়েছে। তাঁকে সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য দু’বার তলব করেছিল। তিনি একবার তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখিও হন। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহে আচমকা বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর ক্যানিংয়ের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে ৪ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলেও অধরাই ছিলেন পরেশরাম দাস। তাঁর খোঁজ করছিলেন তদন্তকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, তদন্ত এড়াতে কলকাতা থেকে মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিধায়ক। সেই খবরের ভিত্তিতেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ওঁত পেতে বসেছিল এসওজি টিম। বিধাননগর পুলিশের সাহায্য নিয়ে সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারির পর সোমবার সন্ধ্যায় বিধায়ককে নরেন্দ্রপুর থানার লক-আপে রাখা হয়। তারপর থেকেই নাকি পরেশরাম সোনারপুর থানার লক-আপে যেতে চেয়ে বারবার আর্জি জানিয়েছিলেন। তা মঞ্জুর হয়নি। হাল ছেড়ে সারারাত লক-আপে জেগেই কাটিয়েছেন ধৃত বিধায়ক। রাতে তাঁকে থানা থেকে খাবার দেওয়া হলেও তা খাননি। শুধুমাত্র প্রয়োজনীয় ওষুধ খেয়েছেন। তদন্তের সুবিধার্থে আলিপুর আদালতে তাঁকে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে বারুইপুর জেলা পুলিশ।
