
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ১৯ বছর পেরিয়ে গিয়েছে। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছুই, কিন্তু নন্দীগ্রামের সেই রক্তাক্ত অধ্যায়ের স্মৃতি আজও মুছে যায়নি। ২০০৭ সালের ১০ নভেম্বর তৎকালীন বাম সরকারের ‘অপারেশন সূর্যোদয়’-এর পর যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার ক্ষত এখনও বহন করে চলেছেন নন্দীগ্রামবাসী। মঙ্গলবার নন্দীগ্রাম দিবস উপলক্ষে গোকুলনগরে উপস্থিত হয়ে সিপিএম ও তৃণমূল, দুই দলকেই একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এদিনের বক্তব্যে ছিল একটি ব্যতিক্রমী দিকও। নন্দীগ্রামে গণহত্যার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শোনা গেল তাঁর মুখে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন, “আমি সেদিনও আপনাদের পাশে ছিলাম, আজও আছি। কিন্তু চোর তৃণমূলকে আর পাবেন না।” তৃণমূল আমলে নন্দীগ্রামের নিহতদের মৃত্যুর শংসাপত্র পর্যন্ত দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
নন্দীগ্রামে ‘অপারেশন সূর্যোদয়’-এর পর দু’বার সরকার বদলের সাক্ষী নন্দীগ্রামবাসী। বাম সরকারের এই নৃশংসতার পরিণতিতেই ২০১১ সালে তাদের পতন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ক্ষমতা দখল। এবছর আবার আরেক পরিবর্তন। তৃণমূলের গদি উলটে গিয়েছে, পশ্চিমবঙ্গ শাসনের ভার এখন বিজেপির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যিনি ২০০৭ সালে নন্দীগ্রামে তৎকালীন বাম সরকারের নৃশংসতার বিরুদ্ধে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াই করেছিলেন। এখন মমতা ও শুভেন্দু যুযুধান। আজ, নন্দীগ্রাম দিবসে তাই শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার নন্দীগ্রামের শহিদদের জন্য কিছুই করেনি। ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি।
সেদিনের রক্তাক্ত ঘটনার বর্ণনা করতে গিয়ে শুভেন্দু বলেন, ‘‘১১ জনকে ধরে নিয়ে গিয়েছিল সিপিএমের পার্টি অফিসে। ওদের টুকরো করে কেটে একটা প্লাস্টিকে ঢুকিয়ে একেবারে মাঝসাগরে গিয়ে ফেলে দিয়েছিল। একজনেরও দেহ খুঁজে পাওয়া যায়নি। এতটা নৃশংস ছিল সেই সরকারটা। সেই অপারেশন সূর্যোদয়ের সময়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ‘দে হ্যাভ বিন পেড বাই দেয়ার ওন কয়েনস।’ বিমান বসু বলেছিলেন, ‘নতুন সূর্য উঠল নন্দীগ্রামে।’ ব্যক্তি বুদ্ধবাবু ভালোই ছিলেন। আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন। কিন্তু ওঁদের দলটা ভালো না। আর তৃণমূল? অনেক প্রতিশ্রুতি দিয়ে সরকারে এলেও গত ১৫ বছর ধরে নন্দীগ্রামের জন্য কিছুই করেননি। ডেথ সার্টিফিকেট দেয়নি।”
