ECI on Form 6: খসড়া তালিকায় নাম না থাকলেও চিন্তা নেই, ফর্ম ৬ নিয়ে বড় বার্তা কমিশনের

No action against voters seeking re-enrolment through Form 6
No action against voters seeking re-enrolment through Form 6

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন’ বা এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। সংশ্লিষ্ট ভোটাররা ‘ফর্ম ৬’ পূরণ করে নতুন করে তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন। এমনকী, আগের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও খসড়া তালিকায় নাম না থাকলে এই সুযোগ মিলবে। নির্বাচন কমিশনের তরফে এই বিষয়টি স্পষ্ট করে জানানো হয়েছে। 

৩ নভেম্বর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো এক চিঠিতে কমিশন জানিয়েছে, এক্ষেত্রে ‘ফর্ম ৬’ জমা দেওয়া মানেই কোনও মিথ্যা ঘোষণা করা নয়। এবং এর জন্য ‘রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, ১৯৫০’-এর ৩১ নম্বর ধারায় কোনও আইনি পদক্ষেপ করা হবে না। সেই সঙ্গেই কমিশন স্বীকার করেছে যে, এই ভোটারদের আশঙ্কা ছিল আগেই ভোটার তালিকায় নাম থাকার কারণেই এই ঘোষণাটি ‘মিথ্যা’ বলে গণ্য হতে পারে। যার ফলে তাঁরা আইনি ঝক্কিতে পড়তে পারেন। ফলে সব মিলিয়ে কমিশনের নয়া ঘোষণা সেই সব ভোটারদের উদ্বেগ দূর করবে, যাঁরা আগের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন। এতদিন তাঁরা ‘ফর্ম ৬’-এর মাধ্যমে আবেদন করতে দ্বিধা বোধ করছিলেন। কেননা ওই ফর্মে একটি ঘোষণা করতে হয় যে, আবেদনকারী প্রথমবারের মতো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করছেন। সেই দ্বিধা এবার দূর হল।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্বাচন জানিয়ে দিয়েছিল, ফর্ম ৬-এর পরিবর্তনের কোনও অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট। কারা সেই পরিবর্তনে অনুমোদন দিয়েছিল, তাও জানতে চেয়েছিল শীর্ষ আদালত। এদিকে এসআইআর ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। রবিবার দিল্লির রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে সভা করেন বিজেপি বিরোধী ‘ইন্ডি’ জোট। বিরোধীদের এই ‘মিথ্যাচারের’ বিরুদ্ধে পালটা পথে নেমেছে বিজেপিও। দেশের বিভিন্ন শহরে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতাতেও মেগা ব়্যালি করেছিল বিজেপি। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…