
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘পলাতক’ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে আগামী ১৭ নভেম্বরের মধ্যে কলকাতায় ফেরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁকে শর্তসাপেক্ষে সাময়িক স্বস্তিও দিয়েছে শীর্ষ আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। তবে এই অন্তর্বর্তী রক্ষাকবচের সুবিধা বহাল থাকবে একমাত্র তখনই, যখন নির্ধারিত সময়ের মধ্যে কলকাতায় ফিরে আসবেন টুলু মণ্ডল।
গতকাল, মঙ্গলবার বীরভূমের পাথর ব্যবসায়ী ‘পলাতক’ টুলু মণ্ডলের আইনজীবী সুপ্রিম কোর্টে সুরক্ষা কবচের আবেদন করেছিলেন। আজ, বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন দুই বিচারপতি। এদিন আদালত জানিয়েছে, আগামী ১৭ নভেম্বরের মধ্যে কলকাতায় ফিরতে হবে টুলু মণ্ডলকে। যে দিন তিনি কলকাতায় নামবেন, সেইসময় থেকে তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ বহাল থাকবে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত কোনও শাস্তিমূলক ব্যবস্থা টুলুর বিরুদ্ধে নেওয়া যাবে না, সেই নির্দেশ জানিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত।
শুধু তাই নয়, আদালতের দেওয়া সময়সীমার মধ্যে টুলু কলকাতায় না পৌঁছলে সব রাস্তা খোলা থাকবে। সেই কথাও এদিন সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। গতকালই টুলুর হয়ে আইনজীবী জানিয়েছিলেন, দেশের সব থেকে বড় অপরাধী তিনি নন। দুই সপ্তাহের জন্য রক্ষাকবচ দেওয়া হোক। টুলু দুবাইতে রয়েছেন, সেই কথাও জানা গিয়েছে। যেখানে হাজিরা দেওয়ার নির্দেশ থাকবে, দেশে ফিরেই তিনি সেখানে উপস্থিত হবেন। সেই কথাও টুলুর তরফে আইনজীবী আদালতে জানিয়েছিলেন। এদিন সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে।
