Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে অভিষেককে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর, পাল্টা জবাবে কী বললেন তৃণমূল সাংসদ?

Abhishek Banerjee Accepts CM Suvendu Adhikari’s Challenge
Abhishek Banerjee Accepts CM Suvendu Adhikari’s Challenge

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২০২৯ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দাঁড়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বারুইপুরের এক সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিশানা করে তিনি দাবি করেন, ওই কেন্দ্রে অভিষেককে অন্তত একটি ভোটের ব্যবধানে হলেও পরাজিত করবেন। শুভেন্দুর এই চ্যালেঞ্জের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী লোকসভা নির্বাচনে তিনি ডায়মন্ড হারবার থেকেই লড়াই করবেন। ফলে ২০২৯-এর ভোটকে ঘিরে এখন থেকেই দুই শিবিরের রাজনৈতিক তরজা জমে উঠেছে।

বারুইপুরের সভা থেকে এদিন অভিষেককে নিশানা করে শুভেন্দু বলেন, “২০২৯ সালে ভোটে দাঁড়াবেন। যত ভোটে জিতেছিলেন, তার চেয়ে একটা হলেও বেশি ভোটে জিতব।” এর পাল্টা অভিষেক বলেন, “পার্টি যদি সুযোগ দেয়, তাহলে আমি ডায়মন্ড হারবারেই দাঁড়াব।” পাশাপাশি এই প্রসঙ্গে নির্বাচন কমিশনকে টেনে মুখ্যমন্ত্রীকে নিশানাও করেন অভিষেক। এর আগে অভিষেককে ডায়মন্ড হারবারে গিয়ে বিজয়া পালনে পরামর্শ দিয়েছিলেন। অভিষেকের জবাব, “আমি ডায়মন্ড হারবার ঠিক যাব, কাঁথিতেও যাব, আমি এলাকা ছেড়ে পালাইনি।” 

সম্প্রতি, অর্জুন সিং অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোয়াটস্যাপ গ্রুপ খুলেছেন। এই বিষয়ে অভিষেক বলেন, “এই কথাগুলো বলে বাজার গরম করে লাভ কী, ইডি-সিবিআই দিয়ে দিন, কে বারণ করেছে। সব তো আপনাদের হাতে রয়েছে। আমার বিরুদ্ধে কিছু থাকলে ব্যবস্থা নিক, গ্রেফতার করুক। পাঁচ মাসে আমার উপর দিয়ে অনেক ঝড়-জল গিয়েছে। আমি তো আত্মসমর্পণ করিনি।” একই সঙ্গে অভিষেকের মন্তব্য, “রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বেঁচে থাকা অনেক বেশি সম্মানের। দরকারে আমরা মৃত্যু বরণ করব। যদি ভাবে জেলে ঢুকিয়ে ধমকে দেবে, চমকে দেব, আমাদের দমানো যাবে না। আমরা মাথা নত করিনি।” 

বৃহস্পতিবারই পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম সহ প্রত্যেক অফিসারকে চিহ্নিত করে রাখছেন বলেও বার্তা দিয়েছেন তিনি। এ কথা শুনেই পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমার মনে হয় যে চ্যালা ক্যামাক স্ট্রিটের টাকা তুলত, সে সব বলে দিয়েছে। ১৫ বছর সরকারে ছিল, তাই ওদেরও তিন-চারটে লোক থাকতে পারে, যাদের সঙ্গে ফেসটাইমে কথা বলে।মনে হয় সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে। নিউইয়র্কে যেতে চাইছেন যান। আমরা এনওসি করে দেব। আমরা সব দেখছি।” 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…