
নয়াদিল্লি ও শ্রীনগর, ২৫ অক্টোবর : জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে তুষারপাত, অন্যদিকে জাতীয় রাজধানী দিল্লিতে রবিবার ভোর থেকেই শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। রবিবার জম্মু-কাশ্মীরের ডোডা জেলার পাহাড়ি এলাকায় তুষারপাতের পর সাদা চাদরে ঢেকে যায় পার্বত্য উপত্যকা। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝা ও আবহাওয়ার পরিবর্তনের জেরে রাজধানী দিল্লির বিস্তীর্ণ অংশে বৃষ্টি শুরু হওয়ায় একধাক্কায় নামল তাপমাত্রা, ফলে উত্তর ভারত জুড়ে শীতের আমেজ স্পষ্ট হতে শুরু করেছে।
রবিবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত শুরু হয়। চারপাশের পাহাড়ের চূড়াগুলি সাদা বরফে ঢেকে যাওয়ায় এক মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছে। তবে তুষারপাতের পাশাপাশি শীতল হাওয়ার দাপটে উপত্যকা জুড়ে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। কনকনে ঠান্ডার অনুভূতি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা গরম পোশাক ব্যবহার করতে শুরু করেছেন।
এদিকে, রবিবার ভোরে দিল্লির বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়, সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। রাজধানীর প্রাণকেন্দ্র আইটিও, প্রগতি ময়দান এবং মধ্য দিল্লির তালকাটোরা স্টেডিয়াম চত্বর সংলগ্ন অঞ্চল-সহ একাধিক জায়গায় বৃষ্টি হয়।
