
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ পড়তে শুরু করেছে। এই সময় পায়েস খাওয়ার মজাই আলাদা। চালের পায়েস তো প্রায় সকলেই খেয়েছেন, কিন্তু কখনও কি চেখে দেখেছেন আতার পায়েস? না খেয়ে থাকলে এবারের ভাইফোঁটায় বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু পদ। স্বাদে ও গন্ধে একেবারে অন্যরকম এই পায়েস। পাশাপাশি আতার পুষ্টিগুণও মিলবে এই বিশেষ মিষ্টি পদে।
এই পায়েস আপনিই বাড়িতে তৈরি করতে পারবেন। এই আতার পায়েস তৈরি করতে লাগবে এক কাপের চার ভাগের এক ভাগ গুড়, আধ চা-চামচ এলাচ গুঁড়ো, ১ টি বড় আতার শাঁস, ২০ গ্রাম পেস্তা, সামান্য কেশর মেশানো দুধ, কয়েকটি গোলাপের পাপড়ি।
আতার পায়েস তৈরি করতে হলে প্রথমে কড়াইতে দুধ জ্বাল দিতে হবে। দুধ ঘন হয়ে হাফ হয়ে গেলে তাতে দিতে হবে এলাচ গুঁড়ো, গুড় এবং আতার শাঁস। সমগ্র উপকরণ দিয়ে ভাল ভাবে নাড়তে হবে। না হলে সেগুলি মণ্ড পাকিয়ে যেতে পারে। সমস্ত উপকরণ মিলেমিশে ঘন হয়ে এলে শেষ ধাপে দিতে হবে কেশর দুধ।
সবশেষে দিতে হবে পেস্তা বাদাম কুচোনো এবং শুকনো গোলাপের পাপড়ি। তা হলেই তৈরি হয়ে যাবে আতার পায়েস। দেখতে সুন্দর লাগার জন্য ভাল পাত্র ব্যবহার করতে পারেন। আতা ও দুধে প্রচুর প্রাকৃতিক শর্করা (গ্লুকোজ ও ফ্রুক্টোজ) ও প্রোটিন থাকে, যা শরীরকে দ্রুত শক্তি জোগায়।
আতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে ডায়াবেটিস রোগি ও অতিরিক্ত ওজন যুক্ত লোকেদের এই পায়েস খাওয়া এড়িয়ে চলাই শ্রেয়।
