
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কোজাগরী লক্ষ্মীপুজোয় নারকেল নাড়ু ছাড়া ভোগের আয়োজন যেন অসম্পূর্ণ। তবে বাড়িতে নাড়ু বানাতে গিয়ে অনেক সময় তা শক্ত হয়ে যায়। কীভাবে বানালে নারকেল নাড়ু হবে নরম, মসৃণ ও সুস্বাদু? রইল কিছু সহজ কৌশল।
* নারকেলের নাড়ু বানাতে লাগবে-- মাঝারি আকারের নারকেল ২-৩টি। ১টি নারকেলের জন্য ২৫০ গ্রাম থেকে ৩০০ গ্রাম চিনি যথেষ্ট। যাঁরা গুড়ের নাড়ু বানাতে চান, তাঁরা চিনির বদলে গুড় ব্যবহার করতে পারেন। চাইলে ছোট এলাচ গুঁড়ো আর ঘি-ও দিতে পারেন।
* নারকেল কোরানো ও চিনি মেশানো-- প্রথমে নারকেলগুলো কুরিয়ে, একটি বড় কড়ায় নারকেল কোরা এবং চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণটি প্রায় ৩০ মিনিট ধরে হালকা আঁচে নাড়তে থাকুন। চিনি এবং নারকেল একসঙ্গে মিশে নরম হয়ে আসবে।
* নাড়ুর মিশ্রণ-- মাঝারি আঁচে নারকেলের মিশ্রণ ক্রমাগত নাড়তে থাকুন। প্রায় ৩০-৪০ মিনিট পর মিশ্রণটি আঠালো হয়ে আসবে। চিনির রস নারকেলের সঙ্গে পুরোপুরি মিশে শুকিয়ে এলে কড়া থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে। এই অবস্থায় মিশ্রণটি কড়া থেকে নামিয়ে রাখুন।
* নাড়ু পাকানো-- মিশ্রণটি হালকা গরম থাকা অবস্থাতেই হাতে অল্প অল্প করে নিয়ে গোল করে নাড়ুর আকারে গড়ে নিন। গরম অবস্থায় নাড়ু পাকালে সহজে গোল হয় এবং ভেঙে যায় না। প্রয়োজনে হাতে সামান্য ঘি মেখে নিতে পারেন। এতে হাতে নারুর মিশ্রণ লেগে যাবে না। সব নাড়ু তৈরি হয়ে গেলে একটি থালায় সাজিয়ে রাখুন এবং পুরোপুরি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে নাড়ু শক্ত হয়ে যাবে।
* নাড়ু মসৃণ ও নরম বানানোর সিক্রেট-- নাড়ুর মিশ্রণ তৈরির সময়ে আঁচ খুব বেশি রাখবেন না। এতে নারকেল পুড়ে গিয়ে নাড়ু তেতো হয়ে যাবে। নারকেলের মিশ্রণ আর চিনি খুব ভালো করে না মিশলে নারু শক্ত হবে। নারকেল কোরা যত মিহি হবে, নাড়ু তত মসৃণ হবে। চিনির বদলে গুড় দিলে নাড়ু কম সময়ে পাক দিলেই হয়।
