Udta Teer: আয়ুষ্মান-সারার প্রচারে বেজে উঠল আতিফের গান! আটারি-ওয়াঘায় অপ্রস্তুত তারকাযুগল

Ayushmann Khurrana and Sara Ali Khan
Ayushmann Khurrana and Sara Ali Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২৩ অক্টোবর বিগ ফ্রাইডে উপলক্ষে মুক্তি পেয়েছে সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ‘উড়তা তীর’। মুক্তির পর দর্শকদের কাছ থেকে বেশ ভালোই সাড়া পাচ্ছে ছবিটি। তবে প্রেক্ষাগৃহে পৌঁছনোর আগেই নেপালে নিষিদ্ধ হয়েছে আয়ুষ্মান-সারার এই ছবি। অন্যদিকে, পাকিস্তানে ছবির প্রচারে গিয়েও অনভিপ্রেত পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তারকাযুগলকে। ভারত-পাকিস্তানের শীতল কূটনৈতিক সম্পর্কের আবহে এবার আটারি-ওয়াঘা সীমান্তে ‘উড়তা তীর’-এর প্রচার চলাকালীন ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। সেই ঘটনাকে ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে। 

প্রচারে বিঘ্ন ঘটাতেই পাকিস্তানের দিক থেকে ভেসে এল আতিফ আসলামের গান। লাউডস্পিকারে বেজে উঠল ‘তাজদার-এ-হারাম’। তারস্বরে গান বাজতে থাকায় সেখানে উপস্থিত দর্শকের সঙ্গে কথা বলতে সমস্যায় পড়েন দুই অভিনেতা। ইতিমধ্যেই এই ঘটনার একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গত ২১ অক্টোবর পাঞ্জাবের আটারি-ওয়াঘ সীমান্তে গিয়েছিলেন আয়ুষ্মান ও সারা। সীমান্তে আয়োজিত বিটিং রিট্রিট অনুষ্ঠানেও যোগ দেন দুই তারকা। পাশাপাশি সেখানে উপস্থিত দর্শকদের সঙ্গে কথাবার্তাও বলেন তাঁরা। দর্শকের উদ্দেশে বক্তব্য রাখার সময়ই পাকিস্তানের দিক থেকে উচ্চস্বরে বাজতে শুরু করে আতিফ আসলামের জনপ্রিয় গান ‘তাজদার-এ-হারাম’। আওয়াজ এতটাই জোরে ছিল যে তাঁদের কথা বলতে সমস্য়া হচ্ছিল। সমজমধ্য়মে ছড়িয়ে পড়া ভিডিয়োগুলিতেও গানের আওয়াজ কার্যত স্পষ্ট।


তবে এই পরিস্থিতিতেও প্রচারপর্ব থেকে বিরত থাকেননি আয়ুষ্মান ও সারা। সীমান্ত সফরের পর সোশাল মিডিয়ায় একটি বার্তাও শেয়ার করেন সারা। দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দেশের নিরাপত্তা বজায় রাখতে জওয়ানদের কর্তব্য, আত্মত্যাগ ও অবদানের কথাও উল্লেখ করেন অভিনেত্রী। আটারি-ওয়াঘ সীমান্তে যাওয়ার আগে অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান। স্পাই-কমেডি ঘরানার ছবি ‘উড়তা তীর’। বিলাল আহমেদ নামে এক পাকিস্তানি গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। একটি দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে যায়। এরপর ভুলবশত নিজেকে ভারতীয় গুপ্তচর বলে মনে করতে শুরু করে বিলাল। এই অদ্ভুত পরিস্থিতিকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাহুল বোস, রাম কাপুর, মুকুল দেব, সুপ্রিয়া পিলগাঁওকর-সহ আরও অনেকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…