Arijit Singh vs Diljit Dosanjh: অরিজিৎ না দিলজিৎ? টিকিটের দামে আকাশ-পাতাল ফারাক, কার কনসার্টে কত খরচ?

Arijit Singh vs Diljit Dosanjh India tours
Arijit Singh vs Diljit Dosanjh India tours

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২০২৭ সালে সঙ্গীতজগতে কুড়ি বছর পূর্ণ করতে চলেছেন অরিজিৎ সিং। দীর্ঘ দুই দশকের সুরেলা সফর উদযাপন করতে অনুরাগীদের জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন গায়ক। প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এবার ভারতে প্রথম মিউজিক্যাল ট্যুরে অংশ নিতে চলেছেন তিনি। দেশের মোট ন’টি শহরে লাইভ কনসার্ট করবেন অরিজিৎ। আগামী ৯ জানুয়ারি আহমেদাবাদ থেকে শুরু হবে এই সফর। অন্যদিকে, পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। দুই শিল্পীর অনুষ্ঠান ঘিরে অনুরাগীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। তবে টিকিটের দামের তুলনায় দুই কনসার্টের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। 

কোথায় কত খরচ? অরিজিতের কনসার্টে সবচেয়ে দামি প্যাকেজ ১১.৮ লক্ষ টাকা আর দিলজিতের সফরের সর্বোচ্চ টিকিটের দাম ১৮ হাজার। অরিজিৎ সিং বনাম দিলজিৎ দোসাঞ্ঝ! কনসার্টে শোনা যাবে অরিজিতের জনপ্রিয় গান ‘আগর তুম সাথ হো’, ‘তুম হি হো’ এবং ‘বিদা করো’-র মতো একাধিক হিট গান। ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হয়ে মে মাস পর্যন্ত চলবে এই ট্যুর। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কনসার্টের টিকিটের প্রাথমিক মূল্য ৯৯৯ টাকা। অন্যদিকে, মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে ১৫ জনের বসার উপযোগী প্রিমিয়াম টেবিলের জন্য অরিজিৎ ভক্তদের খরচ করতে হবে ১১.৮ লক্ষ টাকা। অরিজিতের কনসার্টের সরকারি টিকিট বিক্রির অংশীদার ‘thumpN’-এর তথ্য অনুযায়ী, বিভিন্ন শহরে সবচেয়ে দামি প্যাকেজগুলির মূল্য ৭ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে। এই প্যাকেজগুলি মূলত সেই সব দর্শকের জন্য যাঁরা বিলাসবহুল পরিবেশে কনসার্ট উপভোগ করতে ভালোবাসেন। ১১.৮ লক্ষের প্যাকেজে থাকছে কী কী সুবিধা? আরামদায়ক সোফায় বসার ব্যবস্থা থেকে বিশেষ উপহার, প্রিমিয়াম অ্যালকোহল বোতল, প্রবেশ ও বেরোনোর জন্য পৃথক ব্যবস্থা-সহ আলাদা শৌচাগারের সুবিধা। 


এখানেই শেষ নয়, দর্শকের জন্য রয়েছে সোশাল মিডিয়ার বিশেষ সুবিধাও। কনসার্টে তাঁদের নিয়ে একটি ইনস্টাগ্রাম রিল তৈরি করবেন একজন নির্দিষ্ট কনটেন্ট ক্রিয়েটর। পরের দিন সেই ভিডিও দর্শকের হাতে তুলে দেওয়া হবে। দাম আকাশছোঁয়া হলেও এই প্যাকেজগুলির চাহিদা যথেষ্ট বেশি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। অরিজিতের কনসার্টে আকাশছোঁয়া অঙ্কের টিকিট বিক্রির ঘটনা অবশ্য নতুন নয়। তিন বছর আগে পুণেতে তাঁর একটি কনসার্টে ৪০ জনের বসার উপযোগী প্রিমিয়াম লাউঞ্জের দাম ছিল ১৬ লক্ষ টাকা। পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের ভারত সফরের টিকিটের দাম তুলনামূলক সাধারণের নাগালের মধ্যে। ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’-এ ভারতে সবচেয়ে দামি টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ১৮ হাজার টাকা। অরিজিতের বিলাসবহুল প্যাকেজের মূল্য শুনেই ছ্যাঁকা খাবে আমজনতা। তবে দিলজিৎ ভক্তরা প্রিয় গায়ককে চাক্ষুস করে তাঁর কনসার্ট উপভোগ করাপ ইচ্ছে পূরণ কিছুটা হলেও সাধ্যের মধ্যে। ২০২৪ সালের ‘দিল-লুমিনাটি’ টুরের বিপুল সাফল্যের পর এবারও দেশজুড়ে একাধিক শহরে অনুষ্ঠান করতে চলেছেন এই পাঞ্জাবি গায়ক। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তাঁর আগের ট্যুর থেকে আয় হয়েছিল প্রায় ৯৪৩ কোটি টাকা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…