Samik Bhattacharya: পুরভোটের আগে বিরোধী ঐক্য নিয়ে কটাক্ষ, বাংলার ইন্ডি জোটকে ‘ভঙ্গুর’ বললেন শমীক

Samik Bhattacharya
Samik Bhattacharya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সামনেই কলকাতা-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন। তার আগে এসআইআর বাতিল-সহ বিভিন্ন ইস্যুতে লাগাতার আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিরোধী শিবির। রাজনৈতিক মহলে চর্চার বিষয়, অতীতের মতপার্থক্য ভুলে একই মঞ্চে হাজির হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধী। তাঁদের সঙ্গে থাকছেন বাম নেতারাও। বিরোধীদের এই ঐক্যকে কেন্দ্র করেই এবার তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী এবং মহম্মদ সেলিমকে একযোগে নিশানা করেন তিনি। তিন নেতাকে একসঙ্গে রাস্তায় নেমে মানুষের কাছে ভোট চাওয়ার পরামর্শও দিয়েছেন শমীক। কেন এমন পরামর্শ, তার ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যসভার এই সাংসদ। 

এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্যের বক্তব্য, পশ্চিমবঙ্গে এখন বিরোধী দল বলে কিছু নেই। তাই পুরসভা ভোটের আগে অন্তত একবার এই তিন বিরোধী নেতাকে পথে হাঁটতে দেখতে চান তিনি। কটাক্ষ করে তাঁর বক্তব্য, “একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী, মহম্মদ সেলিম পথে নেমে ভোট চাইবেন। এর থেকে আর ভাল কিছু হতে পারে। আমরা তো এটাই চাই।” শমীক বলেন, “এতদিন তৃণমূল ক্ষমতায় ছিল। তৃণমূলের এখন নাম, বর্ণ, গোত্র কিছুই নেই। প্রতীক নেই, মাথার উপর ছাদ নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই।” 

এসআইআর ইস্যুতে ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নেমেছে বিরোধীরা। এ প্রসঙ্গেও বিরোধীদের নিশানা করেছেন শমীক। তাঁর বক্তব্য, মমতা, অধীর, সেলিমরা রাস্তায় নেমে বাংলার মানুষকে বলুন এসআইআরের নামে ভোট চুরি করেছে জ্ঞানেশ কুমার। প্রসঙ্গত, এর আগে শমীক বলেছিলেন, বাংলায় হওয়া এসআইআর অসম্পূর্ণ। আরও বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারত। রাজ্যে নতুন করে এসআইআরের প্রয়োজন রয়েছে। আসন্ন পুরভোটে ফলাফল নিয়েও আত্মবিশ্বাসী শমীক ভট্টাচার্য। তিনি বলেন, শূন্যের সঙ্গে শূন্যের যোগফল শূন্যই হয়। যতই চেষ্টা করা হোক, কলকাতা ও হাওড়া পুরসভা বিজেপির দখলে আসবে। পাশাপাশি বাকি পুরসভাগুলিতেও বিজেপি সাফল্য পাবে বলে দাবি করেন তিনি। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…