Tala | পাইপ ফেটে রাস্তায় জলের স্রোত, টালা ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় চরম ভোগান্তি

Major crisis as water tank pipe bursts in Tala
Major crisis as water tank pipe bursts in Tala

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:সপ্তাহের প্রথম দিনেই বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল উত্তর কলকাতার টালা এলাকা। জল সরবরাহকারী ট্যাঙ্কের পাইপ ফেটে বিপুল পরিমাণ জল ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। মুহূর্তের মধ্যে জলমগ্ন হয়ে যায় রাস্তাঘাট, এমনকী জল ঢুকে পড়ে রেললাইনেও। এর জেরে টালা এলাকায় ব্যাহত হয় চক্ররেল চলাচল। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবাতেও প্রভাব পড়ার খবর মিলেছে। ঘটনার খবর পেয়েই পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। সেখানে দাঁড়িয়েই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন তিনি। সমস্যা সমাধানে তাঁকে একাধিকবার ফোনে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলতেও দেখা যায়। তবে ঠিক কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। পাইপ ফেটে যাওয়ার ঘটনায় উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি সরবরাহের জলে দূষণ ছড়ানোর আশঙ্কাতেও উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।

সোমবার বেলার দিকে আচমকাই জলমগ্ন হয়ে পড়ে টালা এলাকা। কী কারণে এত জল, কেউ প্রথমে বুঝতে পারেননি। পরে জানা যায়, টালায় যে জলের ট্যাঙ্ক রয়েছে, তার পাইপ ফেটে গিয়েছে। তাই ট্যাঙ্ক থেকে হু হু করে জল বেরিয়ে এমন জল থইথই দশা! এই টালা ট্যাঙ্ক থেকেই গোটা উত্তর কলকাতার মূলত পানীয় জল সরবরাহ হয়। পাইপ ফেটে যাওয়ায় তাতে ব্যাপক প্রভাব পড়বে, তা বলাই বাহুল্য। আর সেটাই সবচেয়ে বড় চিন্তা বাসিন্দাদের।দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে পুরসভা। সোমবার টালা ট্যাঙ্কে জলের পাইপ ফেটে যাওয়ার খবর শুনেই ছুটে যান পুরকমিশনার স্মিতা পাণ্ডে। তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখে জানান, মাটির তলায় পাইপ ফেটে গিয়েছে। একই জায়গায় রেলট্র্যাক রয়েছে। ফলে নিকাশি ব্যবস্থা রেলের দায়িত্ব। বেশ কয়েকটি নালা থাকলেও সময়মতো জলের গতিমুখ নালার দিকে ঘোরানো হয়নি। তাই এতটা জল জমে গিয়েছে। সেই জল বের করে দিতে কাজ করছেন পুরকর্মী। তবে সবটা আবার স্বাভাবিক হতে সময় লাগবে বলে স্পষ্ট জানিয়েছেন পুরকমিশনার।  কতক্ষণে জলসমস্যার সমাধান হবে, সেই অপেক্ষার প্রহর গুনছেন সকলে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…