
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো কাটল মনোরম আবহাওয়ায়। বৃষ্টি কোনও বাধা সৃষ্টি করতে না পারলেও উৎসবের আমেজ কাটতেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস। সোমবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু একদিন নয়, পরপর তিন দিন বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের জেরে ভাইফোঁটার উৎসবেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে উৎসবের মরশুমে ফের ছাতা সঙ্গে নিয়েই বাইরে বেরোতে হতে পারে রাজ্যবাসীকে।সোমবার থেকে ৩ দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরের ৩ দিনে তাপমাত্রার পারদ আবার বাড়তে পারে। ২-৩ ডিগ্রি বাড়তে তাপমাত্রার পারদ। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সোমবারও তাপমাত্রার পারদ ২১ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে।
বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দক্ষিণের বাকি জেলাগুলিতে মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই কোথাও। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বুধবার হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাত। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় সোমবার থেকে বৃষ্টি শুরু হবে। মঙ্গল ও বুধবার বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে মঙ্গলবার বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। তবে বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই।
