
কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠান ঘিরে কালীঘাটে উত্তেজনা ও বচসার ঘটনায় বিজেপির যোগ অস্বীকার করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।কটাক্ষের সুরে তিনি বলেন, ‘খেলা হবে’ বলেছিলেন অভিষেক, এখন আয়নার সামনে দাঁড়ালে অফসাইডের পতাকা!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কালীঘাটে৷ অভিষেকের দাবি, তাঁর অনুগামীদের উপরে হামলা চালিয়েছে বিজেপি সমর্থকেরা৷ যদিও বিজেপি কর্মীদের অভিযোগ, হুল্লোড় করতে করতে অভিষেকের সমর্থকেরা রাস্তায় চলে এসেছিলেন৷ আর তাতেই বাধা দেন উপস্থিত স্থানীয়েরা৷ ঘটনার বিজেপির ‘কোনও সম্পর্ক নেই’, স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য.
অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে বচসা সম্পর্কে বলতে গিয়ে শমীক বলেন, ‘‘উনি (অভিষেক) বলেছিলেন খেলা হবে। এখন আয়নার সামনে দাঁড়ালে অফসাইডের পতাকা। এর সঙ্গে আমাদের (বিজেপির) কোনও সম্পর্ক নেই। যা আছে সব ৭৫ আর ২৫ এর ভাগের মধ্যে আছে৷ যা আছে অতীতের ঔদ্ধত্যের প্রতিধ্বনি৷ আমার মনে হয় না কারুর জন্মদিনে এই এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে কোন লাভ হয়। কিন্তু বিশ্বাস করুন একটা প্রবাদ রয়েছে না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। সেটা এখন চলছে তৃণমূলে’’৷
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অশান্তির ঘটনায় বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কালীঘাট মন্দিরের সামনে পুজো করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুলিশকে নজিরবিহীন হুঁশিয়ারি দিয়ে তিনি এদিন বলেছেন, 'পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব'।
