
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: একসময় বিগ বসের ঘরে নন্দিনী ও রাজবীরের খুনসুটি, হাসি-মজা এবং কথার লড়াই ছিল দর্শকদের অন্যতম আকর্ষণ। কিন্তু সেই চেনা সমীকরণে এবার ছেদ পড়েছে। বিগ বসের ঘর থেকে নন্দিনীর বিদায়ের পর থেকেই মনমরা রাজবীর। দীপাবলির উৎসবেও তাঁর মনখারাপের ছাপ স্পষ্ট। বিশেষ করে উৎসবের দিনে নন্দিনীকে মিস করছেন ‘রোমিও’। বিগ বসের তরফে পাওয়া উপহারও নিজের কাছে না রেখে ‘বাবুসোনা’ নন্দিনীর জন্য পাঠিয়ে দিয়েছেন রাজবীর। অন্যদিকে, বিগ বসের ঘর থেকে বেরিয়ে নিজের বাড়িতেই পরিবারের সঙ্গে দীপাবলির আনন্দে মেতেছেন নন্দিনী। দু’জনের এই ভিন্ন মেজাজ এখন চর্চায় অনুরাগীদের মধ্যে।
বিগ বসের ঘরে রাজবীরকে মারধর করেছিলেন নন্দিনী। তাই গত শনিবারই তাঁকে বিদায় জানিয়েছেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। হাজার কান্নাকাটি করলেও সিদ্ধান্ত বদলায়নি তাঁর। মুম্বই থেকে কলকাতায় ফিরে নিজের দোষ কবুল করে নিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, সীমা লঙ্ঘন করা উচিত হয়নি তাঁর। আপাতত নিজের পরিবার নিয়ে মেতে রয়েছেন নন্দিনী। রবিবার দীপাবলির সন্ধ্যার টুকরো ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
এদিকে, বিগ বসের ঘরে সব প্রতিযোগীদের মাঝেও যেন একা রাজবীর। আগের মতো আর প্রাণোচ্ছল নন তিনি। নন্দিনীর অনুপস্থিতি যে তাঁর মনে বেশ ভালো দাগ কেটেছে, তা আচরণেই স্পষ্ট। দীপাবলিতে আবার বিগ বসের তরফে প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ উপহার দেওয়া হয়। নিজের উপহার হাতে নিয়ে স্টোর রুমে চলে যান রাজবীর। সেখানে বাক্সের গায়ে লেখেন, ‘প্রিয় বাবুসোনা’। দীপাবলিতে বিগ বসের থেকে পাওয়া উপহার নন্দিনীর সঙ্গে ভাগ করে নেন নন্দিনী। ওই পর্ব দেখে নন্দিনীর কী প্রতিক্রিয়া, তা অবশ্য এখনও কিছু জানা যায়নি। এদিকে, সঞ্চালক সৌরভ আবার রাজবীরকে সম্পর্কের পাঠ দেন। সৌরভ বলেন, “শোনো, রাজবীর একটু দূরত্ব থাকা ভালো। দু’জন ভালোবাসার মানুষের মধ্যে দূরত্ব থাকলে ভালোবাসা বাড়ে।” সৌরভের কথা শুনে মুচকি হাসেন রাজবীর। মাথা নেড়ে পরামর্শ মেনে নেন। সবমিলিয়ে দীপাবলির সন্ধ্যায় বিগ বসের অন্দরমহলে যেন এক অন্যরকম পরিবেশ তৈরি হয়।
