
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রেমিকের সঙ্গে মনোমালিন্য চলছে? হোয়াটসঅ্যাপে একের পর এক মেসেজ এলেও ইচ্ছা করেই চ্যাট খুলছেন না? কারণ, ব্লু টিক দেখলেই প্রেরক বুঝে যাবেন আপনি মেসেজ পড়েছেন। তবে এবার রয়েছে এমন এক কৌশল, যার সাহায্যে চ্যাটে প্রবেশ না করেই পড়ে নিতে পারবেন সম্পূর্ণ মেসেজ। ফলে আপাতত আপনার মেসেজ পড়ার বিষয়টি বুঝতে পারবেন না প্রেরক।
ব্যাপারটা ঠিক কী? এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দারুণ এই প্রিভিউ ফিচার আনছে জুকারবার্গের হোয়াটসঅ্যাপ। আইওএস ব্যবহারকারীরা আগেই এই সুবিধা পেতেন। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীও লুকিয়েই দেখে ফেলতে পারবেন মেসেজ। প্রেরক তা বুঝতেও পারবেন না। নিশ্চয়ই ভাবছেন কীভাবে?
১. যার চ্যাটটি গোপনে পড়তে চাইছেন, তাতে লং প্রেস করতে হবে। এবার ভেসে উঠবে প্রিভিউ উইন্ডো। সেখানে সাম্প্রতিক মেসেজ দেখা যাবে।
২. স্ক্রল করে পড়ে নিতে পারবেন মেসেজগুলো। কিন্তু চ্যাটটি ‘আনরিড’ থাকবে।
তবে শুধু যে মেসেজ পড়তে পারবেন তা কিন্তু নয়। পাবেন ‘কুইক অ্যাকশন’ ফিচারও। চাইলেই আপনি কোনও চ্যাটকে রিড, পিন, আর্কাইভ, সিলেক্ট ও ডিলিট করতে পারবেন। পাবেন ‘মোর অপশন’ নামে একটি অপশনও। সেখান থেকে চ্যাট লক করা-সহ একাধিক কাজ করতে পারবেন। কবে চালু হবে এই ফিচার? সংস্থা সূত্রে খবর, আপাতত এই ফিচারটি নিয়ে কাজ চলছে। কবে চালু হবে বা কখন বিটা টেস্টিংয়ের জন্য আসবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে বেশিদিন আর অপেক্ষা করতে হবে না।
