
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এতদিন মূলত টাকা লেনদেনের মাধ্যম হিসেবেই পরিচিত ছিল গুগল পে। এবার সেই পরিচিত গণ্ডি পেরিয়ে অনলাইন কেনাকাটার দুনিয়াতেও পা রাখতে চলেছে এই ডিজিটাল পেমেন্ট অ্যাপ। পোশাক কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে গুগল পে-তে যুক্ত হতে চলেছে নতুন ‘ডিসকভার’ বিভাগ। এই বিভাগে থাকবে ভিজ্যুয়াল সার্চ ও ভার্চুয়াল ট্রাই-অনের সুবিধা। পাশাপাশি পছন্দের পোশাক বেছে নিয়ে সরাসরি কেনাকাটাও করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে এবার শুধু টাকা পাঠানো বা পেমেন্ট নয়, কেনাকাটার ক্ষেত্রেও নতুন অভিজ্ঞতা দিতে চলেছে গুগল পে।
জানা গিয়েছে, এই ফিচারে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী পোশাক ও ট্রেন্ডগুলো দেখতে পারবেন। হতেই পারে আপনার অন্য কোথাও কোনও পোশাক পছন্দ হয়েছে, সেটির ছবি আপলোড করে বা নতুন করে ছবি তুলে অনলাইনে সেই ধরনের অন্য পোশাক খুঁজতে পারেন। কিছু নির্দিষ্ট পোশাকের ক্ষেত্রে পাবেন ‘ভার্চুয়াল ট্রাই-অন’ অপশন। গুগল জানিয়েছে, এই অভিজ্ঞতাটি ব্যবহারকারীদের ‘শপিং গ্রাফ’-এর ওপর ভিত্তি করে তৈরি, যাতে ৬০ বিলিয়নেরও বেশি পণ্যের তথ্য রয়েছে।
নিশ্চয়ই ভাবছেন গুগল পে-এর মাধ্যমে শুধুই দেখা যাবে নাকি কেনাকাটাও করা যাবে? জানা যাচ্ছে, কোনও কিছু পছন্দ হলে নিজের ইচ্ছে মতো পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে কেনাকাটাও করতে পারবেন। তবে এরজন্য আপনাকে মার্চেন্টের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। কেনাকাটার প্রক্রিয়াটি গুগল পে-এর মাধ্যমে শুরু হলেও চেকআউট হবে অন্যত্র। তবে এই মুহূর্তে সকলে এই ফিচারের সুবিধা পাবেন না। অ্যাপটি আপডেট করুন, যদি নিচে একটি ডিসকভার আইকন পান, তাহলে আপনি ভাগ্যবান।
