
শিলিগুড়ি, ৫ নভেম্বর : "এই গণতন্ত্রের রক্ষাকবচ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস ও ইন্ডি জোট"। এই অভিযোগ করে জনগণের সচেতন ও ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত জরুরি বলে বৃহস্পতিবার মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তাঁর দাবি, ক্ষমতার লোভে দেশজুড়ে অরাজকতা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
শিলিগুড়িতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির অন্তর্গত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং ইন্ডি জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সোনোয়াল। তিনি অভিযোগ করেন, দেশের জনগণের আস্থা হারিয়ে এবং একের পর এক নির্বাচনে পরাজিত হয়ে বিরোধী দলগুলি এখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির বিশ্বাসযোগ্যতা নষ্ট করার ষড়যন্ত্রে নেমেছে। ক্ষমতা দখলের উদ্দেশ্যে দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে প্রশ্নবিদ্ধ করা এবং অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চালানোই কংগ্রেস ও তার সহযোগী দলগুলির বর্তমান রাজনৈতিক কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল, বিভাগ কো-কনভেনর শ্রী রাজু সাহা এবং রাজ্য বিজেপির মিডিয়া আহ্বায়ক অনুপম ঘোষ সহ দলের অন্যান্য নেতৃত্ব।
