TMC Conflict: জোড়াফুলের প্রতীক নিয়ে নয়া সংঘাত! ‘নথি চুরির চেষ্টা মমতা শিবিরের’, বিস্ফোরক ঋতব্রত

Leader of the Opposition in the Legislative Assembly, Ritabrata Banerjee
Leader of the Opposition in the Legislative Assembly, Ritabrata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জোড়াফুল প্রতীকের দখল নিয়ে লড়াইয়ে এবার নয়া বিতর্ক। কালীঘাট শিবিরের বিরুদ্ধে নথি চুরির চেষ্টার বিস্ফোরক অভিযোগ তুললেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে এই অভিযোগ সামনে এনেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেস ভেঙে দুটি পৃথক শিবির তৈরি হওয়ার পর নির্বাচন কমিশন আপাতত দুই পক্ষকে আলাদা প্রতীক দিয়েছিল। তবে জোড়াফুল প্রতীকের মালিকানা নিয়ে দুই শিবিরের সংঘাত এখনও অব্যাহত। সোমবার, ২৬ অক্টোবর, কমিশনের কাছে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার শেষ দিন। সেই মতো মমতা ও ঋতব্রত—দুই শিবিরই দিল্লিতে নথি পাঠিয়েছে বলে জানা গিয়েছে। এরই মধ্যে নথি নিয়ে যাওয়ার পথে তা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ তুলেছেন ঋতব্রত। তাঁর এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও কালীঘাট শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

এক্স হ্যান্ডল পোস্টে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, কালীঘাট শিবির ২৫ অক্টোবর অর্থাৎ রবিবার রাতে চার্টার্ড ফ্লাইটে নিজেদের নথি পাঠিয়েছে দিল্লিতে। অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ২৪ তারিখ, শনিবার নিজেদের নথিপত্র নিয়ে দিল্লিতে রওনা দিয়েছেন সড়কপথে। সোমবার সকালে তাঁদের ট্রাক আটকে সেসব নথি ছিনতাইয়ের চেষ্টা হয় বলে অভিযোগ ঋতব্রতর। এও জানান, যদিও কালীঘাট শিবিরের ওই ষড়যন্ত্র রুখে দিয়েছেন তাঁর সাহসী কর্মীরা। এরপরই বিরোধী দলনেতার কটাক্ষ, ‘চার্টার্ড সংস্কৃতি ও তৃণমূল স্তরের মধ্যে একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গেল। সবসময় গায়ের জোরে সবকিছু লুটের চেষ্টা সফল হয় না।’ 

তৃণমূল কংগ্রেসে ফাটলের পর গত ৬ অক্টোবর রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে অস্থায়ী সমাধান হিসেবে নির্বাচন কমিশন দুই শিবিরকে আলাদা নাম ও প্রতীক দিয়েছিল। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পেয়েছিল ফুটবলার প্রতীক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রতীক ছিল খাম। কিন্তু তা অস্থায়ী। দলের আদি প্রতীক অর্থাৎ ঘাসের উপর জোড়াফুল নিয়ে টানাটানি জারি রয়েছে এখনও। তার ফয়সালা করতে আজ অর্থাৎ ২৬ অক্টোবর নির্বাচন কমিশনে দু’পক্ষের যথাযথ নথি-সহ চূড়ান্ত হলফনামা দেওয়ার শেষ তারিখ। সেই জমা দিতে গিয়েই একের বিরুদ্ধে আরেকপক্ষ লুটের অভিযোগ তুলল। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…