
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভাইফোঁটা ২০২৬-এর তারিখ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কেউ বলছেন ১০ নভেম্বর, আবার কারও মতে ১১ নভেম্বর পালিত হবে ভাইফোঁটা। ভাইয়ের দীর্ঘায়ু কামনায় কপালে দই-চন্দনের ফোঁটা দেওয়ার এই ঐতিহ্য বাঙালির কাছে অত্যন্ত আবেগের। কিন্তু সঠিক দিনটি কোনটি? এই নিয়ে ধন্দ কাটাতে পঞ্জিকার তিথি ও সময়ের হিসাব জেনে নেওয়া জরুরি।
∆ তিথির সময়সূচি ও সঠিক তারিখ— হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই বিশেষ উৎসব পালিত হয়। এই বছর দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১০ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টা ৩৭ মিনিটে। আর এই তিথি শেষ হচ্ছে ঠিক পরের দিন, অর্থাৎ ১১ নভেম্বর (বুধবার) দুপুর ২টো ১১ মিনিটে। যেহেতু তিথিটি দু’দিন ধরে চলছে, তাই অনেকের মনেই কিছুটা বিভ্রান্তি দেখা গিয়েছে। তবে জ্যোতিষী ও পঞ্জিকার হিসাব বলছে, ২০২৬ সালে ভাইফোঁটা পালনের একেবারে সঠিক দিনটি হল ১১ নভেম্বর, বুধবার।

∆ কখন ফোঁটা দেওয়া সবচেয়ে শুভ?
যাঁরা ভাইফোঁটা দেবেন, তাঁদের শুভ সময়টি জেনে রাখা অত্যন্ত জরুরি। ১১ নভেম্বর দুপুর ১২টা ২৭ মিনিট থেকে দুপুর ২টো ১১ মিনিট পর্যন্ত ভাইফোঁটার সবচেয়ে শুভ সময় বা অপরাহ্ণকাল। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভাইয়ের কপালে দই, চন্দন, কাজল বা ঘিয়ের ফোঁটা দেওয়া অত্যন্ত মঙ্গলের বলে ধরা হয়। বিশ্বাস করা হয় যে, এই বিশেষ সময়ে ফোঁটা দিলে ভাইয়ের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।
ভাই ও বোনের অটুট ভালোবাসার প্রতীক হল এই উৎসব। যমের দুয়ারে কাঁটা দিয়ে যমরাজকে স্মরণ করে ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করা হয় এই দিনে। ফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিমুখ ও নানা রকম উপহার আদানপ্রদানের প্রথাও দীর্ঘদিন ধরে চলে আসছে। তাই কোনও রকমের বিভ্রান্তিতে না জড়িয়ে ১১ তারিখেই উৎসবের আনন্দে মেতে উঠুন। এই উৎসব সকলের জীবনে বয়ে আনুক এক নতুন আনন্দ।
